ঢাবিতে অনার্স প্রোগ্রাম ধাপে ধাপে বন্ধের প্রস্তাব মাহফুজ আলমের
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১১:৫৩ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক (অনার্স) প্রোগ্রাম ধাপে ধাপে বন্ধ করার বিষয়ে ভাবার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার (১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে নিজের ফেসবুক পোস্টে তিনি এ মতামত তুলে ধরেন।
পোস্টে মাহফুজ আলম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘ সময় ধরে দেশের মধ্যবিত্ত শ্রেণি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে আগামী কয়েক বছরের মধ্যে ধাপে ধাপে অনার্স প্রোগ্রাম বন্ধ করে বিশ্ববিদ্যালয়টিকে পূর্ণাঙ্গ আবাসিক ও গবেষণাভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনা নেওয়া উচিত। তাঁর প্রস্তাব অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে কেবল মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রাম চালু থাকবে।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন কনস্টিটুয়েন্ট কলেজে অনার্স সম্পন্ন করে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ পেতে পারেন। একইভাবে অন্যান্য বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে অনার্স শেষ করে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স বা পিএইচডি করেও নিজেদের ঢাবিয়ান হিসেবে পরিচয় দিতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও গবেষণা কেন্দ্রগুলো পুনর্গঠনের ওপরও গুরুত্বারোপ করেন মাহফুজ আলম। তিনি বলেন, গবেষক শিক্ষার্থীদের বৃত্তির আওতায় এনে রাষ্ট্রের প্রয়োজন ও ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে গবেষণা পরিচালনা করা উচিত। পাশাপাশি ভাষা শিক্ষা ও ইতিহাস চর্চাকে আধুনিক সমাজবিজ্ঞান এবং বিজ্ঞানভিত্তিক গবেষণার সঙ্গে সমন্বয় করারও আহ্বান জানান তিনি।
শিক্ষক রাজনীতি বন্ধের পক্ষে মত দিয়ে মাহফুজ আলম বলেন, ছাত্ররাজনীতি ডাকসুকেন্দ্রিক হওয়া উচিত। শিক্ষক ও গবেষণা সহকারী নিয়োগে মেধা এবং কর্মদক্ষতাকে একমাত্র মানদণ্ড হিসেবে বিবেচনা করার আহ্বান জানান তিনি। বিদেশ থেকে উচ্চশিক্ষা অর্জনকারীদের নিয়োগে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার পাশাপাশি অযোগ্য শিক্ষকদের অপসারণেরও দাবি জানান তিনি।
পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণের বিষয়েও একাধিক প্রস্তাব দেন মাহফুজ আলম। তাঁর মতে, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, লালবাগ, হোসেনি দালান, কেন্দ্রীয় কারাগারসহ পুরান ঢাকার প্রত্নতাত্ত্বিক এলাকাগুলোকে একটি পৃথক প্রশাসনিক কাঠামোর আওতায় এনে ‘বিশ্ববিদ্যালয় ও হেরিটেজ সিটি’ ঘোষণা করা উচিত।
তিনি আরও বলেন, ওই এলাকায় পৃথক মেয়র ও সংসদীয় আসনের ব্যবস্থা করা যেতে পারে। পাশাপাশি নতুন ভবন নির্মাণ, গাছ কাটা ও জলাশয় ভরাট নিষিদ্ধ করার প্রস্তাবও দেন তিনি। দীর্ঘমেয়াদে বুড়িগঙ্গা নদী পর্যন্ত এ হেরিটেজ সিটির পরিধি বাড়িয়ে আহসান মঞ্জিল, ফরাশগঞ্জ, নর্থব্রুক হলসহ বিভিন্ন ঐতিহাসিক স্থাপনাকে এর অন্তর্ভুক্ত করার কথাও উল্লেখ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সাবেক ও বর্তমান সব শিক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন মাহফুজ আলম।