‘শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানোর চেষ্টা চলছে’

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১১:০৩ পিএম

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানসংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

শেখ হাসিনাকে দেশে ফেরানোর অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে শামা ওবায়েদ ইসলাম বলেন, এ বিষয়ে নতুন কোনো অগ্রগতি নেই। বিষয়টি এখনো প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামি অন্য দেশে অবস্থান করলে তাকে দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচার কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যেই সরকার কাজ করছে। একই সঙ্গে জনগণের প্রত্যাশাও সেটি বলে উল্লেখ করেন তিনি।

এদিকে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ বছরে বিভিন্ন দেশে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকার সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে।

তিনি জানান, প্রধান উপদেষ্টা ইতোমধ্যে বলেছেন, পাচার হওয়া অর্থ উদ্ধারে ১০টি দেশের কাছে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। যেসব দেশে অর্থ পাচার হয়েছে, সেসব দেশের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের আওতায় নির্ধারিত আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

শামা ওবায়েদ ইসলাম বলেন, পাচার হওয়া অর্থ ফেরানোর বিষয়টি দ্রুত সম্পন্ন হওয়ার মতো নয়; এটি একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। তবে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে হওয়া চুক্তি ও চলমান আলোচনার মাধ্যমে এ ক্ষেত্রে বাংলাদেশ ইতোমধ্যে অগ্রগতি অর্জন করেছে বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি জনগণের অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970