প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১১:৩৮ পিএম
ঢাকা থেকে কক্সবাজারগামী নভোএয়ারের একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পর যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে। ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে প্রত্যাহার না হওয়ায় প্রায় ৪৫ মিনিট আকাশে চক্কর দিয়ে শেষ পর্যন্ত নিরাপদে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। ফ্লাইটটিতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান চলাচলবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও যাত্রী হিসেবে ছিলেন।
শুক্রবার (৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন হুমায়ুন কবির।
তিনি জানান, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে নভোএয়ারের ভিকিউ-৯৩৫ ফ্লাইটটি ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়। তবে উড্ডয়নের ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই ল্যান্ডিং গিয়ারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ক্যাপ্টেন একাধিকবার চেষ্টা করেও গিয়ার স্বাভাবিকভাবে প্রত্যাহার করতে ব্যর্থ হন। পরিস্থিতি বিবেচনায় তিনি বিমানটি ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন।
হুমায়ুন কবির বলেন, নিরাপদ অবতরণের প্রস্তুতির অংশ হিসেবে বিমানটিকে প্রায় ৪৫ মিনিট আকাশে অবস্থান করতে হয়। গতি কমিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর শেষ পর্যন্ত বিমানটি নিরাপদে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, বিমান চলাচল বিষয়ে তিনি বিশেষজ্ঞ নন। তবে যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ক্যাপ্টেন যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটি যথাযথ ছিল বলে তার মনে হয়েছে। তবে এ সময় বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশুদের কান্নাকাটি এবং যাত্রীদের উদ্বেগ পরিস্থিতিকে আরও অস্বস্তিকর করে তোলে।
ঘটনার পর পুরোনো উড়োজাহাজের ফিটনেস পরীক্ষা আরও কঠোর করার ওপর গুরুত্বারোপ করেন হুমায়ুন কবির। তার মতে, বেসরকারি এয়ারলাইন্সগুলো পরিচালিত পুরোনো উড়োজাহাজের ফিটনেস নিয়মিত ও কঠোরভাবে পরীক্ষা করা জরুরি। যাত্রীবাহী উড়োজাহাজের নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের আপসের সুযোগ নেই। কার্যকর তদারকি নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে।