জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১০:৫৪ পিএম
জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহিসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
তিনি জানান, অভিযোগটি পাওয়ার পর নিয়ম অনুযায়ী পরবর্তী আইনি কার্যক্রমের জন্য ঢাকা মহানগর পুলিশের সাইবার অপরাধ ইউনিটে পাঠানো হয়েছে। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে।
মো. মনিরুজ্জামান আরও বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ও মুখপাত্র ফারুক হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানকে কটাক্ষ করার অভিযোগে মেহের আফরোজ শাওনসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্র সংলাপ ফোরামের পক্ষ থেকে মামলা করা হয়েছে।
প্রসঙ্গত, জুলাই আন্দোলনের সময় এবং পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্তদের বিভিন্ন মন্তব্য ও কর্মকাণ্ড নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছিল। সেই ঘটনার ধারাবাহিকতায় এ অভিযোগ দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।