একমাত্র ফুটবলার হিসেবে বিশ্বকাপে ৩০ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন মেসি
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১০:৪৭ পিএম
আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে আরও একটি অনন্য রেকর্ড গড়েছেন। কেপ ভার্দের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচে মাঠে নেমে বিশ্বকাপে প্রথম ফুটবলার হিসেবে ৩০টি ম্যাচ খেলার কীর্তি গড়েন তিনি।
চলমান আসরেই বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউসকে ছাড়িয়ে গিয়েছিলেন মেসি। এবার ৩০তম ম্যাচ খেলতে নেমে নিজের গড়া সেই রেকর্ডকে আরও অনন্য উচ্চতায় নিয়ে গেলেন আর্জেন্টিনার এই তারকা ফুটবলার।
বিশ্বকাপে লোথার ম্যাথাউস খেলেছেন ২৫টি ম্যাচ। অন্যদিকে, সর্বাধিক ম্যাচ খেলার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। এখন পর্যন্ত বিশ্বকাপে তার ম্যাচসংখ্যা ২৬। প্রতিযোগিতায় পর্তুগাল টিকে থাকায় সামনে এই সংখ্যা আরও বাড়ানোর সুযোগ রয়েছে।
লিওনেল মেসির বিশ্বকাপ যাত্রা শুরু হয় ২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত আসরে। এরপর টানা আরও পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়ে তিনি ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করেন। একই সঙ্গে একের পর এক রেকর্ড গড়ে বিশ্ব ফুটবলের ইতিহাসে নিজের অবস্থান আরও দৃঢ় করে চলেছেন এই মহাতারকা।