খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে লাখো মানুষের ঢল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১০:৩০ পিএম
ইরানের রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যে অংশ নিতে লাখো মানুষের সমাগম হয়েছে। কমপ্লেক্সের বাইরে ভোর থেকেই দীর্ঘ সারিতে অপেক্ষা করতে দেখা যায় সাধারণ মানুষকে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৬টায় ধর্মীয় কমপ্লেক্সটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। তবে এর আগেই বহু মানুষ সেখানে উপস্থিত হয়ে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে শুরু করেন।
চলমান যুদ্ধের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই হামলায় তাঁর পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারান। পরে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে তাঁর শেষকৃত্যের আয়োজন করা হয়।
সেখানে উপস্থিত সোমাইয়ে হামেদি নামের এক নারী বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা আমাদের নেতাকে শেষ বিদায় জানাতে চাই। তাই এভাবে অপেক্ষা করা আমাদের জন্য কষ্টের বা কঠিন কিছু নয়।’