ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৩ হাজার ৩৪২ জন, চলছে উদ্ধার অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০২:০৫ পিএম

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৪২ জনে পৌঁছেছে। এ দুর্যোগে আহত হয়েছেন অন্তত ১৬ হাজার ৭০০ জন। এছাড়া এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (৬ জুলাই) দেশটির তথ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত মাসে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দেশটির লা গুয়াইরা অঞ্চলে। উদ্ধারকারীরা এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করেছেন।

এছাড়া ভূমিকম্পে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ১৯০টি স্থাপনা সম্পূর্ণ ধসে পড়েছে।

সরকার জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়েছে। তবে এখনও ১৭ হাজার ৩৪৫ জন মানুষ গৃহহীন অবস্থায় রয়েছেন।

উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদারে ভূমিকম্পকবলিত এলাকায় ৪ হাজার ৮৮ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী কাজ করছেন। পাশাপাশি রাজধানী কারাকাস থেকে ২৯ হাজার ৫৬৭ জন কর্মী এবং ২৭ হাজার ৪৮২ জন স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে।

তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্যোগের পর থেকে এখন পর্যন্ত ৯ হাজার ৫৮৫ টন খাদ্য এবং ৬ লাখ ৬৯ হাজার ৮ লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। একই সময়ে ২৩ হাজার ৮২০ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের জন্য ৭৯টি অস্থায়ী আশ্রয়শিবির স্থাপন করা হয়েছে।

এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপের তথ্য অনুযায়ী, গত ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর থেকে এখন পর্যন্ত ৯৯৫টি আফটারশক রেকর্ড করা হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970