কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকদের মারধরে ব্রাজিল সমর্থকের মৃত্যু

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৯:০৮ পিএম

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্কের জেরে কুমিল্লায় এক ব্রাজিল সমর্থকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. শরিফুল ইসলাম (৩২) নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা এলাকার মতিউর রহমানের ছেলে। তিনি কুমিল্লা মহানগরের ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুস্করনী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, স্থানীয় বাবু ও মাইন উদ্দিন মালুসহ কয়েকজন আর্জেন্টিনা সমর্থক শরিফুল ইসলামকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত শরিফুল ইসলামকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970