কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসায় পাহাড়ধস, নিহত বেড়ে ৮

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৬:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এ-থ্রি’ ব্লকের একটি মাদরাসায় পাহাড়ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৭ জন শিশু, যারা সবাই ওই মাদরাসার শিক্ষার্থী। এছাড়া নিহত অপর ব্যক্তি ওই মাদরাসার একজন শিক্ষক। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্য বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের নেতৃত্বে স্বেচ্ছাসেবকদের সহায়তায় পরিচালিত উদ্ধার অভিযান শেষ হয়েছে। উদ্ধারকাজে এপিবিএন পুলিশ ও স্থানীয় রোহিঙ্গারাও অংশ নেন।

ঘটনার সময় মাদরাসাটিতে ক্লাস চলছিল। পাহাড়ধসের পর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ১৩ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৮ জনকে মৃত ঘোষণা করা হয় এবং আহত ৫ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত পাঁচ শিশুকে ক্যাম্প-৩-এর জিকে হাসপাতাল, ক্যাম্প-৫-এর ফ্রেন্ডশিপ হাসপাতাল এবং ক্যাম্প-৬-এর আইআরসি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানিয়েছে, ভারী বর্ষণের মধ্যে হঠাৎ পাহাড়ধসের ঘটনায় মাদরাসাটি মাটিচাপা পড়ে। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে এবং ধ্বংসস্তূপ থেকে একে একে হতাহতদের বের করে আনে।

এদিকে টানা ভারী বৃষ্টিপাতের কারণে রোহিঙ্গা ক্যাম্পজুড়ে আরও পাহাড়ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এতে ক্যাম্পে বসবাসকারী রোহিঙ্গাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970