উত্তাল সাগরে ডুবল তিন ট্রলার, নিখোঁজ ১৩ জেলে

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৭:০১ পিএম

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ ও লঘুচাপের প্রভাবে সৃষ্ট ঝড়ো হাওয়া এবং উত্তাল ঢেউয়ে তিনটি মাছধরা ট্রলার ডুবে গেছে। পৃথক তিনটি ঘটনায় এখন পর্যন্ত ১৩ জন জেলে নিখোঁজ রয়েছেন। একই সঙ্গে বৈরী আবহাওয়ায় আরও অন্তত পাঁচটি মাছধরা ট্রলার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রাজু আহমেদ রাজা। তিনি জানান, কয়েকদিন ধরে বঙ্গোপসাগর অস্বাভাবিকভাবে উত্তাল থাকায় গভীর সমুদ্রে অবস্থানরত মাছধরা ট্রলারগুলো বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে।

তার ভাষ্য, বুধবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে চর বিজয় সংলগ্ন বঙ্গোপসাগরে ছয় জেলেকে নিয়ে মাছ ধরার সময় একটি ছোট ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ট্রলারের মালিক মাসুদ মাঝিকে জীবিত উদ্ধার করা হলেও এখনও পাঁচ জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৫টার দিকে বঙ্গোপসাগরের প্রায় ১৭ কিলোমিটার গভীরে ফকিরহাট এলাকার এফবি মহিমা নামে একটি মাছধরা ট্রলার ১৮ জন জেলেকে নিয়ে ডুবে যায়। বুধবার দুপুর পর্যন্ত ১৬ জন জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনও দুই জেলে নিখোঁজ রয়েছেন।

এদিকে রোববার (৫ জুলাই) বঙ্গোপসাগরের প্রায় ৬০ কিলোমিটার গভীরে পটুয়াখালীর গলাচিপা উপজেলার খরিদা গ্রামের ইমাদুলের মালিকানাধীন আরেকটি মাছধরা ট্রলার ডুবে যায়। ট্রলারটিতে থাকা ১১ জেলের মধ্যে পাঁচজনকে উদ্ধার করা গেলেও এখনও ছয়জনের খোঁজ মেলেনি।

স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে আরও অন্তত পাঁচটি মাছধরা ট্রলার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বেড়েছে।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারে উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970