আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৭:৫৬ পিএম
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ২০২৬ বিশ্বকাপে টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে এগিয়ে চললেও, মাঠের বাইরের এক ঘটনায় চাপে পড়েছে দেশটির ফুটবল প্রশাসন। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আর্থিক কার্যক্রম নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এবং দেশটির বিচার বিভাগ।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, তদন্তে অর্থ পাচার, তারবার্তা জালিয়াতি এবং সম্ভাব্য কর ফাঁকির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওন-এর প্রতিবেদনে বলা হয়েছে, এএফএর আর্থিক কার্যক্রম সম্পর্কিত তথ্য সংগ্রহে সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতোমধ্যে সাক্ষ্য নেওয়া শুরু করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটন ডিসি ও মায়ামির ফেডারেল প্রসিকিউটররা যৌথভাবে তদন্ত পরিচালনা করছেন। তারা যাচাই করছেন, এএফএর আন্তর্জাতিক বাণিজ্যিক ও পৃষ্ঠপোষকতা চুক্তি থেকে আসা শত শত মিলিয়ন মার্কিন ডলার কীভাবে যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থার মাধ্যমে স্থানান্তর করা হয়েছে এবং এসব লেনদেনে দেশটির কোনো আইন লঙ্ঘিত হয়েছে কি না।
তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাভিত্তিক প্রতিষ্ঠান ট্যুরপ্রডএন্টার এলএলসি। আন্তর্জাতিক ক্রীড়া বিপণন ও ইভেন্ট ব্যবস্থাপনায় যুক্ত প্রতিষ্ঠানটি বিদেশে এএফএর বাণিজ্যিক আয় ও বিপণন-সংক্রান্ত আর্থিক কার্যক্রম পরিচালনা করত।
এ ছাড়া গোপন ব্যাংকিং নথির তথ্যের ভিত্তিতে লা নাসিওন দাবি করেছে, এএফএর অন্তত ৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কয়েকটি শেল কোম্পানির মাধ্যমে স্থানান্তর করা হয়েছে। অভিযোগ রয়েছে, এসব প্রতিষ্ঠানের কোনো কর্মচারী বা দৃশ্যমান বাণিজ্যিক কার্যক্রম ছিল না। বিষয়টি নিয়েই এখন বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে মার্কিন কর্তৃপক্ষ।