চীনে জুতার কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৮ শ্রমিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১১:০৫ পিএম
চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের ফুজিয়ান প্রদেশের একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) জিনজিয়াং শহরের হুইটেং ফুটওয়্যার কারখানায় এ দুর্ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, কারখানার ভবন থেকে দাউ দাউ করে আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। আগুন দ্রুত ভবনের নিচের তলাগুলোতে ছড়িয়ে পড়লে অনেক শ্রমিক প্রাণ বাঁচাতে জানালা ও ছাদে আশ্রয় নেন।
অগ্নিকাণ্ডের পরপরই ঘটনাস্থলে ব্যাপক উদ্ধার অভিযান শুরু হয়। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, উদ্ধারকাজে ৫০০ জনের বেশি উদ্ধারকর্মী অংশ নিয়েছেন। ফায়ার সার্ভিস ও জরুরি সেবাকর্মীরা আহতদের উদ্ধার এবং আটকে পড়াদের নিরাপদে বের করে আনতে নিরলসভাবে কাজ করছেন।
ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি দ্রুত অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করারও আহ্বান জানান।
ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহর বিশ্বজুড়ে জুতা উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। বিপুল সংখ্যক জুতা কারখানা থাকায় শহরটিকে ‘চীনের জুতার রাজধানী’ বলেও অভিহিত করা হয়।
তবে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।