যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ও দামি ড্রোন ভূপাতিত করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৭:৫১ পিএম

ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের খোরমোজ এলাকার আকাশে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বুধবার (৮ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআরবি।

প্রতিবেদনে বলা হয়, বুশেহর প্রদেশের আকাশসীমায় মার্কিন বাহিনীর কথিত আগ্রাসনের পর ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে লক্ষ্য করে হামলা চালায় এবং সেটি ভূপাতিত হয়।

এমকিউ-৯ যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক ও ভারী অস্ত্রে সজ্জিত একটি ড্রোন, যা মূলত নজরদারি ও নির্ভুল হামলার কাজে ব্যবহৃত হয়। জেনারেল অ্যাটমিকস অ্যারোনটিক্যাল সিস্টেমস নির্মিত এই ড্রোনটি একটানা প্রায় ২৭ ঘণ্টার বেশি সময় ৫০ হাজার ফুট উচ্চতায় উড়তে সক্ষম। এতে হেলফায়ার ক্ষেপণাস্ত্র এবং লেজার-নিয়ন্ত্রিত বোমাসহ বিভিন্ন ধরনের শক্তিশালী অস্ত্র বহন করা যায়। একটি এমকিউ-৯ ড্রোনের আনুমানিক মূল্য ৩ থেকে ৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে তিনশ কোটি টাকার সমান।

তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। একই সঙ্গে ইরানের এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে ইরানের সর্বশেষ হামলার জবাবে মার্কিন সামরিক বাহিনী ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালানোর পরই আইআরজিসি এই ড্রোন ভূপাতিতের দাবি জানায়।

অন্যদিকে, বাহরাইন ও কুয়েতে অবস্থিত ৮৫টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কে ন্যাটোর শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ইরানের শাসনব্যবস্থার কঠোর সমালোচনা করেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় এটা শেষ। আমি আর তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। তারা নিকৃষ্ট।’

তিনি আরও বলেন, ‘ইরানের শাসকরা দুষ্ট ও অসুস্থ। তারা ক্যান্সারের মতো। শুরুতেই ক্যান্সারকে ছেঁটে ফেলতে হয়।’

সূত্র: আনাদোলু এজেন্সি

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970