রাম মন্দিরের টাকা চুরি করে প্রেমিকাকে আইফোন উপহার দিল যুবক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৭:১৮ পিএম
ভারতের অযোধ্যার রাম মন্দিরের দানবাক্স থেকে চুরি হওয়া লাখ লাখ রুপির একটি অংশ পরিবারের সদস্য, বন্ধু ও প্রেমিকার পেছনে ব্যয় করার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন এক অভিযুক্ত। তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সূত্রের দাবি, দানবাক্স থেকে আত্মসাৎ করা অর্থ দিয়ে অভিযুক্ত তার প্রেমিকাকে একটি দামি আইফোন উপহার দেন। পাশাপাশি ভাইয়ের জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজনেও ওই অর্থ ব্যয় করা হয়েছে।
তদন্তে উঠে এসেছে, দান চুরির অভিযোগে অভিযুক্ত আটজন গণনাকর্মীর একজন অবিনাশ শুক্লা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, আত্মসাৎ করা অর্থের একটি অংশ তিনি নিজের ও পরিবারের প্রয়োজনে ব্যয় করেছেন। এর মধ্যে একটি দামি আইফোন কেনা এবং বিলাসবহুল বিয়ের অনুষ্ঠানের আয়োজনের বিষয়টিও রয়েছে।
পুলিশ চুরি হওয়া অর্থের লেনদেনের উৎস ও গন্তব্য অনুসন্ধান করছে। জিজ্ঞাসাবাদের সময় অবিনাশ শুক্লার দেওয়া তথ্য তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বহুল আলোচিত এই ঘটনায় কোটি কোটি ভক্তের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সূত্রের ভাষ্য অনুযায়ী, চুরি হওয়া অর্থের পরিমাণ কয়েক কোটি রুপি বলে ধারণা করা হলেও, অবিনাশ শুক্লা স্বীকার করেছেন যে তিনি প্রায় ১৯ লাখ রুপি নিজের, পরিবারের সদস্য এবং বন্ধুদের জন্য ব্যয় করেছেন।
এর মধ্যে এক ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে প্রায় ৬ লাখ রুপি ব্যয় করা হয়। এছাড়া আরেক ভাইকে পাঁচ থেকে ছয় লাখ রুপি দেওয়া হয়েছে বলেও তদন্তে উঠে এসেছে।
শুধু তাই নয়, অভিযুক্ত তার প্রেমিকাকে একটি আইফোন উপহার দেওয়ার পাশাপাশি তার ব্যাংক হিসাবে আরও ২ লাখ ৫০ হাজার রুপি স্থানান্তর করেছেন বলে দাবি করেছে তদন্ত-সংশ্লিষ্ট সূত্র।
এর আগে এনডিটিভির হাতে আসা পুলিশি নথিতে উল্লেখ করা হয়, অবিনাশ শুক্লার কাছেই প্রায় ২০ লাখ রুপি ছিল, যা অভিযুক্তদের মধ্যে সর্বোচ্চ।
বর্তমানে তদন্তকারীরা অর্থ লেনদেন, ব্যাংক হিসাব এবং সংশ্লিষ্ট সম্পদের বিস্তারিত খতিয়ে দেখছেন। চুরি হওয়া অর্থের পূর্ণ গতিপথ শনাক্ত করে অভিযোগপত্র প্রস্তুতের লক্ষ্যে তদন্ত অব্যাহত রয়েছে।
সূত্র: এনডিটিভি