ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১০:২২ পিএম

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অভিযানে অংশ নেবে না বলে পুনরায় স্পষ্ট অবস্থান জানিয়েছে ইতালি। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, সংঘাত নিরসনে সামরিক পদক্ষেপ নয়, বরং কূটনৈতিক উদ্যোগই সবচেয়ে কার্যকর পথ।

তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেলোনি বলেন, ইরানকে ঘিরে সংকট শুরুর পর থেকেই ইতালির অবস্থান অপরিবর্তিত রয়েছে। তিনি বলেন, ‘ইরানের বিরুদ্ধে কোনো হামলায় ইতালি অংশ নেবে না।’

তবে তিনি জানান, সরাসরি সামরিক অভিযানে না গেলেও মিত্র দেশগুলোর নিরাপত্তা এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত ইতালীয় সেনা ও নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। এর মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো সহযোগিতাও থাকতে পারে।

মেলোনি সরকার মনে করছে, সামরিক সংঘাত আরও বিস্তৃত হলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে পড়তে পারে। তাই উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগ জোরদার করার ওপর গুরুত্ব দিচ্ছে রোম।

এর আগে গত মার্চে ইরানকে ঘিরে সংঘাতের সময় মার্কিন যুদ্ধবিমানকে ইতালির সিগোনেলা বিমানঘাঁটিতে অবতরণের অনুমতি দেয়নি দেশটি। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেলোনি সরকারের তীব্র সমালোচনা করেছিলেন।

ইরানকে কেন্দ্র করে যুদ্ধ শুরুর পর থেকেই ইউরোপীয় ও ন্যাটোভুক্ত দেশগুলোর সমর্থন চেয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ইতালির পাশাপাশি জার্মানি, স্পেন ও সুইজারল্যান্ডও ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক সম্পৃক্ততা এড়িয়ে কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে।

সূত্র: মিডল ইষ্ট আই

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970