প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১০:৫৭ পিএম
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল নির্ধারিত সময়ের আগেই অনলাইনে ছড়িয়ে পড়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিনের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, গত ৮ জুলাই প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল চূড়ান্ত করা হয়। পরে ফলাফল ওয়েবপোর্টালে প্রকাশের জন্য প্রয়োজনীয় লিংক তৈরির দায়িত্ব দেওয়া হয় অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে।
নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছিল, যথাযথ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের আগে কোনোভাবেই তা ওয়েবপোর্টালে আপলোড করা যাবে না। তবে ৯ জুলাই সকাল ১০টার দিকে ঢাকা বিভাগের নয়টি জেলার ফলাফল সংশ্লিষ্ট লিংকে আপলোড হয়ে যায়। অল্প সময়ের জন্য লিংক সচল থাকায় সাধারণ ব্যবহারকারীরা সেখান থেকে ফলাফল ডাউনলোড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
ঘটনার পর কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ফলাফল প্রকাশের বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিলকে।
কমিটির অন্য সদস্যরা হলেন অধিদপ্তরের উপবৃত্তি বিভাগের শিক্ষা অফিসার জিয়াউল কবির সুমন এবং সদস্যসচিব হিসেবে প্রশাসন-২ শাখার সহকারী পরিচালক মোহাম্মদ রোখসানা হায়দার।
এদিকে, বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে তা সম্ভব হয়নি। তবে এর আগেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ফলাফলের খণ্ডিত অংশ ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় অনেক শিক্ষক ও অভিভাবক সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের শিক্ষার্থী ও সন্তানদের অভিনন্দন জানালেও প্রকাশিত ফলাফলটি চূড়ান্ত নাকি ভুয়া তা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।