এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৮:৪৩ পিএম

ছবি: সংগৃহীত

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। তিনি জানান, পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যেই ফলাফল প্রকাশ করা হচ্ছে।

তিনি আরও বলেন, সেশনজট কমাতে সিলেবাস শেষ হওয়ার পরপরই এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে। পাশাপাশি এক বছর আগেই পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। শিক্ষার মানোন্নয়নে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, দেশজুড়ে উদ্ভাবন, আইডিয়া শোকেসিং এবং স্টার্টআপ কার্যক্রম ব্যাপকভাবে পরিচালিত হচ্ছে। এসব কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান আগামী ২৮ ও ২৯ জুন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৯ জুন রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনীর ফাইনাল আয়োজন করা হবে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, আগামী ২০ জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে এবং এতে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে সুনাগরিক তৈরি হবে। এ লক্ষ্য অর্জনে শিক্ষার্থীদের মোবাইল ও ট্যাবের অতিরিক্ত ব্যবহার থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, বর্তমান সরকারের লক্ষ্য শুধু সার্টিফিকেটনির্ভর শিক্ষা নয়, বরং বাস্তবমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। ইতোমধ্যে সৃজনশীলতা ও বাস্তব জীবনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন কার্যক্রম চালু হয়েছে। প্রাথমিক পর্যায়ে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কার্যক্রম ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করা হচ্ছে এবং পর্যায়ক্রমে এটি অন্যান্য শ্রেণিতেও সম্প্রসারণ করা হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970