এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৯:২৯ পিএম
এসএসএফের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর তিনি নিজেই ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করেন এবং এর উদ্বোধনী মহড়াও প্রত্যক্ষ করেন।
বৃহস্পতিবার (১৮ জুন) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, নতুন এই অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জ এসএসএফ সদস্যদের পেশাগত দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, নিরাপত্তা কৌশল উন্নয়ন ও প্রশিক্ষণের মান বাড়াতে বাহিনীর সদস্যরা এ সুবিধার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করবেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান হিসেবে তাঁর সবচেয়ে বড় শক্তি জনগণের আস্থা ও ভালোবাসা। তাই নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি যেন সরকারপ্রধানকে সাধারণ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করে না ফেলে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে ভিআইপিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি বা দুর্ব্যবহারের শিকার না হন, সেদিকেও এসএসএফকে বিশেষভাবে নজর দেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাকালীন সময় এবং তাঁর মৃত্যুর পর অনুষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ জানাজা সফলভাবে সম্পন্ন করতে এসএসএফের সমন্বয়কারী ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তরুণ বয়স থেকেই মায়ের সরকারপ্রধান থাকাকালে এই এলিট বাহিনীর কার্যক্রম ও পেশাদারত্ব কাছ থেকে দেখার সুযোগ তাঁর হয়েছিল।
এছাড়া আধুনিক প্রযুক্তিনির্ভর নানা চ্যালেঞ্জ মোকাবিলায় দেশপ্রেম, শৃঙ্খলা ও পেশাদারত্ব বজায় রেখে চেইন অব কমান্ড অনুসরণ করে দায়িত্ব পালনের জন্য এসএসএফ সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।