চট্টগ্রামের সন্তান মুখতার আলমের হাতের লেখায় সাজে পবিত্র কাবার গিলাফ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৯:০২ পিএম

ছবি: সংগৃহীত

পবিত্র কাবা শরিফের কালো গিলাফে সোনালি ও রুপালি সুতোয় খচিত কোরআনের আয়াত ও মনোমুগ্ধকর আরবি ক্যালিগ্রাফি মুসলিম বিশ্বের কাছে শ্রদ্ধা, সৌন্দর্য ও আধ্যাত্মিকতার এক অনন্য প্রতীক। আর এই মহিমান্বিত শিল্পকর্মের পেছনে নীরবে অবদান রেখে চলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ক্যালিগ্রাফার মুখতার আলম শিকদার। চট্টগ্রামের লোহাগাড়া থেকে শুরু হওয়া তার পথচলা আজ পৌঁছেছে ইসলামের সবচেয়ে পবিত্র স্থাপনার অলংকরণের দায়িত্বে।

১৯৬২ সালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নে জন্মগ্রহণ করেন মুখতার আলম। তার বাবা মফিজুর রহমান বিন ইসমাঈল শিকদার সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ফার্মাসিস্ট হিসেবে কর্মরত ছিলেন। বাবার চাকরির সুবাদে মাত্র চার বছর বয়সেই পরিবারের সঙ্গে সৌদি আরবে পাড়ি জমান তিনি। সেখানেই বেড়ে ওঠা এবং শিক্ষাজীবন শেষ করে পরবর্তীতে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ক্যালিগ্রাফিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণায় যুক্ত রয়েছেন তিনি।

১৪২২ হিজরিতে কাবার গিলাফ বা ‘কিসওয়া’র সঙ্গে তার আনুষ্ঠানিক সম্পৃক্ততা শুরু হয়। জেদ্দার খ্যাতিমান ব্যবসায়ী ও ক্যালিগ্রাফার মুহাম্মাদ সালেম বাজনাইদ তার প্রতিভায় মুগ্ধ হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেন। পরে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বিশেষ মূল্যায়ন পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে ২০০২ সালে কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর হোলি কাবা কিসওয়ায় ক্যালিগ্রাফার হিসেবে যোগ দেন মুখতার আলম।

বর্তমান কিসওয়ার নকশা বিখ্যাত ক্যালিগ্রাফার শাইখ আবদুর রহিম আমিন বুখারির তৈরি ‘সুলুস’ লিপির ওপর ভিত্তি করে নির্মিত। সেই ঐতিহ্য ধরে রেখেই দায়িত্ব পালন করলেও মুখতার আলম আধুনিক প্রযুক্তি ও নতুন কৌশলের সমন্বয়ে ক্যালিগ্রাফি শিল্পকে আরও সমৃদ্ধ করেছেন। তার এই অবদান সংশ্লিষ্ট মহলে ব্যাপক প্রশংসিত।

অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে ২০২১ সালের নভেম্বরে সৌদি আরবের নাগরিকত্ব লাভ করেন মুখতার আলম। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ কর্মসূচির আওতায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা বিদেশি নাগরিকদের মধ্যে নির্বাচিত পাঁচজনের একজন ছিলেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হলো, ওই তালিকায় একমাত্র ক্যালিগ্রাফার ছিলেন মুখতার আলম।

ক্যালিগ্রাফির পাশাপাশি তিনি মক্কার ইনস্টিটিউট অব হলি মস্ক পরিচালিত একটি প্রতিষ্ঠানে শিক্ষকতাও করছেন। তার নিপুণ হাতের ছোঁয়ায় প্রতিবছর সজ্জিত হয় পবিত্র কাবার গিলাফ, যা কোটি কোটি মুসলমানের দৃষ্টি আকর্ষণ করে।

চট্টগ্রামের একটি ছোট্ট জনপদ থেকে উঠে এসে ইসলামের সবচেয়ে সম্মানিত স্থাপনার অলংকরণের দায়িত্ব পালন করে মুখতার আলম শিকদার আজ বাংলাদেশের গর্বে পরিণত হয়েছেন। তার এই সাফল্য শুধু দেশের জন্যই নয়, সমগ্র মুসলিম বিশ্বের জন্যও অনুপ্রেরণার উজ্জ্বল দৃষ্টান্ত।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970