বাংলাসহ ৩৫ ভাষায় সরাসরি সম্প্রচার হবে হজের খুতবা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৬, ১১:৪১ পিএম
হজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। প্রতি বছর আরাফার ময়দান থেকে প্রচারিত হজের খুতবা মুসলিম বিশ্বের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আবেগঘন একটি আয়োজন হিসেবে বিবেচিত হয়। বিশ্বের কোটি কোটি মুসলমান গভীর আগ্রহ নিয়ে এ খুতবা অনুসরণ করেন।
প্রযুক্তির উন্নয়নের ফলে এখন হজের খুতবা শুধু মক্কা বা আরাফার ময়দানে সীমাবদ্ধ নেই। বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা নিজেদের মাতৃভাষায় সরাসরি এ খুতবা শোনার সুযোগ পাচ্ছেন।
চলতি বছরের হজ উপলক্ষে এ উদ্যোগ আরও বিস্তৃত করেছে দুই পবিত্র মসজিদের ধর্মীয় বিষয়ক সাধারণ প্রেসিডেন্সি। এবার হজের মূল খুতবা বিশ্বের ৩৫টি ভাষায় সরাসরি অনুবাদ ও সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বব্যাপী খুতবাটি সরাসরি প্রচার করা হবে।
দুই পবিত্র মসজিদের ধর্মীয় সেবায় সৌদি আরবের ভূমিকা নিয়ে আয়োজিত এক সেমিনারে এ ঘোষণা দেন শায়খ আবদুর রহমান আস-সুদাইস।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের হজের ঐতিহাসিক খুতবা মসজিদে নামিরাহ থেকে প্রদান করবেন শায়খ আলী হুজাইফি।
যেসব ভাষায় খুতবা অনুবাদ ও সম্প্রচার করা হবে, তার মধ্যে রয়েছে বাংলা, ফরাসি, ইন্দোনেশীয়, উর্দু, তুর্কি, ফার্সি, স্প্যানিশ, চীনা, রুশ, হিন্দি, মালয়, সোমালি, পশতু, পাঞ্জাবি, তামিল, বসনিয়ান, জার্মান, ইতালীয়, পর্তুগিজ, সুইডিশ, নেপালি, সিংহলি ও মালয়ালমসহ আরও বিভিন্ন ভাষা।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা নিজেদের ভাষায় হজের খুতবা শুনে সহজেই তা অনুধাবন করতে পারবেন। পাশাপাশি হজের শিক্ষা, দিকনির্দেশনা এবং ইসলামের সার্বজনীন বার্তা আরও বিস্তৃতভাবে মানুষের কাছে পৌঁছে যাবে।
বিশেষ করে বাংলাভাষী মুসলমানদের জন্য মাতৃভাষায় সরাসরি হজের খুতবা শোনা ও বোঝার এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।