ভারতে বিজেপি নেতাসহ ৩ জনকে পুড়িয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৯:১৫ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের ছত্তিসগড় রাজ্যে বালু খনি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিজেপি নেতা ভরত সিং ওরফে লল্লা সিংসহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ জুন) গভীর রাতে সোনহাট থানার নওগাইন গ্রামে এ ভয়াবহ ঘটনা ঘটে।

নিহত অন্য দুজন হলেন বীরেন্দ্র সিং ও নাগেন্দ্র সিং। তাদের মধ্যে নাগেন্দ্র সিং পেশায় শিক্ষক ছিলেন এবং তিনি ভরত সিংয়ের চাচাতো ভাই।

নিহতদের পরিবারের দাবি, বালু খনি পরিচালনা-সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য ভরত সিং ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে সেখানে আগে থেকেই ওত পেতে থাকা দুর্বৃত্তদের ফাঁদে পড়ে তিনি ও তার সঙ্গীরা প্রাণ হারান।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভরত সিংকে বহনকারী ফরচুনার এসইউভিটিকে ট্রাক দিয়ে চারদিক থেকে ঘিরে ফেলা হয়। এরপর গাড়িটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর গাড়ির ভেতর থেকে তিনজনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় অক্ষত ত্রিপাঠী, বিশাল ত্রিপাঠী, সত্যপ্রকাশ ত্রিপাঠী ও মান্নু ত্রিপাঠী নামে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া অন্য অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে মোট নয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই এলাকার বালু খনির ইজারা ভরত সিংয়ের পরিবারের নিয়ন্ত্রণে ছিল। স্থানীয়দের অভিযোগ, এরপর থেকেই সোনহাট, কৈলাশপুর, তেলিমুডা, বেলিয়া ও ছিংগুরা এলাকায় বালু পরিবহন ও খনি কার্যক্রমের নিয়ন্ত্রণ এবং কথিত অবৈধ অর্থ আদায়কে কেন্দ্র করে বিরোধ তীব্র আকার ধারণ করে।

অভিযোগ রয়েছে, ভরত সিংয়ের গোষ্ঠী ও বিজেপি নেতা মনোজ ত্রিপাঠীর পরিবারের মধ্যে কয়েক মাস ধরে এই দ্বন্দ্ব চলছিল। ত্রিপাঠী পরিবারের মালিকানাধীন টিপার ট্রাকগুলো বৈকুণ্ঠপুরে বালু পরিবহনের কাজে ব্যবহৃত হতো এবং খনি থেকে উত্তোলিত বালুর অর্থপ্রদান ও নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ আরও জটিল হয়ে ওঠে।

তদন্তকারীদের দাবি, হামলার সময় ফরচুনার এসইউভিটির সামনে ও পেছনে ট্রাক দাঁড় করিয়ে পালানোর সব পথ বন্ধ করে দেওয়া হয়। পরে গাড়িটিতে আগুন ধরিয়ে দিলে ভেতরেই জীবন্ত দগ্ধ হয়ে মারা যান ভরত সিং ও তার সঙ্গে থাকা অপর দুই ব্যক্তি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970