সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান, যুদ্ধ অবসানের ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৯:২৬ পিএম
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি সমঝোতা স্মারকে সই করেছেন। বুধবার স্বাক্ষরিত এই স্মারকের মাধ্যমে দুই দেশ সামরিক অভিযান স্থগিতে সম্মত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
সমঝোতা স্মারক অনুযায়ী, তেহরান সমৃদ্ধ ইউরেনিয়ামের ঘনত্ব কমিয়ে আনতে রাজি হয়েছে। এর বিনিময়ে ইরান বড় ধরনের অর্থনৈতিক সুবিধা পাবে। পাশাপাশি বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়টিও এতে অন্তর্ভুক্ত রয়েছে।
জি-৭ শীর্ষ সম্মেলন শেষে ফ্রান্সের রাজধানী প্যারিসের ভার্সাই প্রাসাদে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে নৈশভোজের সময় ডোনাল্ড ট্রাম্প স্মারকটিতে সই করেন বলে একজন মার্কিন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন। পরে সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, “এইমাত্র সই করলাম।”
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে জানান, দুই প্রেসিডেন্টের স্বাক্ষরের মধ্য দিয়ে ইসলামাবাদ সমঝোতা স্মারকটি চূড়ান্ত হয়েছে এবং এখন এর বাস্তবায়নের পর্যায় শুরু হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা সামরিক সংঘাতের অবসান ঘটানোই এই সমঝোতার মূল লক্ষ্য। ওই সংঘাতের জেরে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।
স্মারকের শর্ত অনুযায়ী, ওয়াশিংটন ইরানের তেল খাতের ওপর আরোপিত নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত সমঝোতা হলে আঞ্চলিক দেশগুলোর সহায়তায় গঠিত ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল ছাড়ে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে।
ইসমাইল বাগাই জানান, ইলেকট্রনিক পদ্ধতিতে স্মারকটি সই হয়েছে এবং এটি ইতোমধ্যেই কার্যকর হয়েছে। এর ফলে দুই দেশ সামরিক অভিযান স্থগিতে সম্মত হওয়ায় স্থায়ী চুক্তির লক্ষ্যে ভবিষ্যৎ আলোচনার পথ আরও উন্মুক্ত হয়েছে।
এর আগে স্মারকটিতে ইরানের প্রধান আলোচক ও স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সই করার কথা থাকলেও পরে তেহরান জানায়, সরাসরি উপস্থিতিতে আনুষ্ঠানিক স্বাক্ষরের আর প্রয়োজন নেই।
যদিও দুই দেশের আলোচক দল সুইস শহরটিতে অবস্থান চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে, তবে তাদের মধ্যে সম্ভাব্য সরাসরি বৈঠক হবে কি না তা এখনও নিশ্চিত নয়। ইসমাইল বাগাই জানিয়েছেন, আপাতত সে পরিকল্পনা স্থগিত রয়েছে।
এদিকে ডোনাল্ড ট্রাম্পের দপ্তর থেকে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ না হলেও আল জাজিরার প্রতিনিধি মাইক হানা জানিয়েছেন, হোয়াইট হাউসের একজন মুখপাত্র সমঝোতা স্মারকে সইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালনকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, সমঝোতা স্মারকটি অবিলম্বে কার্যকর হবে।