সংসদে যারা আছেন, কেউ ঋণ খেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৮:৫৪ পিএম
বর্তমান জাতীয় সংসদে কোনো সদস্য ঋণখেলাপি নন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার ভাষ্য, সংসদ সদস্যরা ঋণগ্রস্ত হতে পারেন, তবে আইনগতভাবে কেউ ঋণখেলাপি নন।
বৃহস্পতিবার (১৮ জুন) সংসদ অধিবেশনে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যের জবাবে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদ্যমান আইন এবং রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডারসহ সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী, আদালত কর্তৃক কেউ ঋণখেলাপি হিসেবে ঘোষিত হলে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা হারান। ফলে সংসদে নির্বাচিত হয়ে আসা ব্যক্তিদের ক্ষেত্রে ঋণখেলাপি হওয়ার সুযোগ নেই।
তিনি আরও বলেন, কেউ যদি দাবি করেন যে বর্তমান সংসদে ঋণখেলাপিদের মনোনয়ন দেওয়া হয়েছে, তাহলে তা আইনের ব্যাখ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যেসব প্রার্থীর বিরুদ্ধে ব্যাংক বা বেসরকারি প্রতিষ্ঠানের মামলা ছিল, সেগুলোর নিষ্পত্তি উচ্চ আদালতে হয়েছে। আদালতের নিষ্পত্তির পর তারা বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন এবং নির্বাচিত হয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, এ কারণে বর্তমান সংসদকে ‘ঋণখেলাপিদের সংসদ’ বলা সঠিক নয় এবং এমন মন্তব্য মানহানিকর। তিনি এ ধরনের বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ারও মত দেন।
অন্যদিকে, নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে এবং পরেও তিনি ঋণখেলাপিদের বিষয়ে কথা বলেছেন। সংসদের প্রথম অধিবেশনেই তিনি কয়েকজন সদস্যের ঋণসংক্রান্ত তথ্য উল্লেখ করেছিলেন, যদিও সম্মানের কথা বিবেচনা করে তাদের নাম প্রকাশ করেননি।
তিনি আরও বলেন, যদি সংসদে একাধিক ঋণখেলাপি থেকে থাকেন, তাহলে সাধারণ মানুষের কাছে একে ‘ঋণখেলাপিদের সংসদ’ বলাটা অস্বাভাবিক নয়। তার দাবি, সরকার দলীয় সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে এমন ব্যক্তিদের সংসদে আনা হয়েছে বলেই জনমনে এমন ধারণা তৈরি হতে পারে।