দেশের এইচএসসি লেভেলকে সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৯:১৬ পিএম

ছবি: সংগৃহীত

দেশের শিক্ষাব্যবস্থার মান গত দুই দশকের অব্যবস্থাপনা ও অবহেলার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, বর্তমানে বাংলাদেশের উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার মানকে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির শিক্ষার সমমান হিসেবে বিবেচনা করা হয়, যা দেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক বাস্তবতা।

রোববার জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন উপ-স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে প্রাথমিক ও গণশিক্ষা খাতে নৈরাজ্য ও অব্যবস্থাপনা চলার ফলে এর নেতিবাচক প্রভাব এখন উচ্চশিক্ষা পর্যায়েও স্পষ্ট হয়ে উঠেছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অনেক শিক্ষার্থী প্রত্যাশিত ফল অর্জন করতে ব্যর্থ হচ্ছে। এই সংকট মোকাবিলায় পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক শিক্ষার চতুর্থ ও পঞ্চম শ্রেণি থেকেই খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে পাঠ্যক্রমের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, একটি গোষ্ঠী সাংস্কৃতিক শিক্ষার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। শিশুদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে সংকীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

বাজেট প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, নতুন বাজেট দেশের জন্য আশাব্যঞ্জক। এতে সৃজনশীল অর্থনীতির বিকাশ এবং বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানাগুলো পুনরায় চালুর মাধ্যমে জাতীয় আয় বৃদ্ধির পরিকল্পনা রাখা হয়েছে। পাশাপাশি দেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

শিক্ষা খাতের উন্নয়নে গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বিরোধী রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে শিক্ষা সংস্কারের উদ্যোগ সফল করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970