শিক্ষার্থীরা বাংলা ও ইংরেজি পড়তে না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৯:৪৪ পিএম

ছবি: সংগৃহীত

দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের শেখার ঘাটতি কমাতে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী আগামী জুলাই মাসের মধ্যে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়ার সক্ষমতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গণিতে যোগ, বিয়োগ, গুণ ও ভাগের মৌলিক দক্ষতাও অর্জন করাতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে এসব দক্ষতা অর্জনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দেশে প্রায় ৯৮ শতাংশ শিশু প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হলেও বড় একটি অংশ কাঙ্ক্ষিত শিক্ষাগত দক্ষতা অর্জন করতে পারছে না। বিভিন্ন জরিপে দেখা গেছে, প্রায় ৬৫ শতাংশ শিক্ষার্থী ঠিকভাবে বাংলা পড়তে পারে না। ইংরেজি ও গণিতে দুর্বলতার মাত্রা আরও বেশি বলে বিভিন্ন দেশি-বিদেশি গবেষণায় উঠে এসেছে।

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেন দেশের সব জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই লক্ষ্য নির্ধারণ করেন। এরপর জেলার কর্মকর্তারা বিষয়টি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের কাছে পৌঁছে দেন বলে জানা গেছে।

এদিকে শিক্ষা খাতে বিপুল ব্যয় সত্ত্বেও কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও শিক্ষাব্যবস্থার মৌলিক সমস্যাগুলো রয়ে গেছে।

একটি গবেষণা উপস্থাপনায় জানানো হয়, ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া অনেক শিক্ষার্থী পঞ্চম শ্রেণির মৌলিক দক্ষতাও অর্জন করতে পারেনি। বিশেষ করে গণিতে পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক।

গবেষণায় আরও বলা হয়, প্রায় ৯০ শতাংশ শিক্ষক পাঠ্যক্রম শেষ করার চাপে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের আলাদা সময় দিতে পারেন না। দুই-তৃতীয়াংশ শিক্ষক প্রয়োজনীয় শিক্ষণ উপকরণ নিয়মিত ব্যবহার করতে ব্যর্থ হন। এছাড়া ঘন ঘন পাঠ্যক্রম পরিবর্তনকেও শিক্ষার মানোন্নয়নের পথে বড় বাধা হিসেবে উল্লেখ করা হয়েছে।

২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ১৪২টি বিদ্যালয়ের ১৫ হাজারের বেশি শিক্ষার্থী এবং ৮০০-এর বেশি শিক্ষক অংশ নেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970