শেখ হাসিনার বক্তব্য বর্তমানে প্রাসঙ্গিক নয়: শামা ওবায়েদ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১০:৩০ পিএম
সাবেক প্রধানমন্ত্রী ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বর্তমান বক্তব্যকে প্রাসঙ্গিক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে তিনি জানিয়েছেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার কূটনৈতিকভাবে সক্রিয় রয়েছে এবং এ বিষয়ে কোনো ধরনের উদ্যোগের ঘাটতি নেই।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
শামা ওবায়েদ ইসলাম বলেন, শেখ হাসিনা বিভিন্ন অভিযোগে দণ্ডিত একজন সাজাপ্রাপ্ত আসামি এবং বর্তমানে দেশের বাইরে পলাতক অবস্থায় রয়েছেন। তাই তিনি কী বক্তব্য দিচ্ছেন বা কী মন্তব্য করছেন, তা বর্তমান প্রেক্ষাপটে গুরুত্ব বহন করে না।
তিনি আরও জানান, চলতি বছরের ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে ঢাকা ও দিল্লির মধ্যে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।
এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগের বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, পররাষ্ট্র সচিব, নিউইয়র্ক ও জেনেভায় বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি এবং যুক্তরাজ্য ও ভারতে নতুন হাইকমিশনার নিয়োগে যোগ্যতা, দক্ষতা ও পেশাদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে চলমান রদবদলও একই নীতির ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া।