নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিয়েছে সরকার: বাণিজ্যমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৮:০৮ পিএম

ছবি: সংগৃহীত

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বর্তমান সরকার কার্যকর বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। তিনি বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী দ্রুত নীতিগত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ২২তম কার্যদিবসে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, ভোজ্যতেল, চিনি, ডাল, পেঁয়াজ, আটা ও চালসহ গুরুত্বপূর্ণ নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে আমদানি প্রক্রিয়া সহজ করা হয়েছে। প্রয়োজনীয় ক্ষেত্রে শুল্ক ও করহার যৌক্তিক করা হচ্ছে। পাশাপাশি একক কোনো দেশের ওপর নির্ভরশীলতা কমাতে বিকল্প উৎস থেকে পণ্য আমদানির সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

বাণিজ্যমন্ত্রী জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উৎপাদন, আমদানি, মজুত ও সরবরাহ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে সরকার। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত পর্যালোচনা সভাও অনুষ্ঠিত হচ্ছে।

তিনি বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি, মজুতদারি ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ছাড়া নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর বিক্রয় কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

খন্দকার আবদুল মুক্তাদীর আরও বলেন, বাজারে প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় রাখা এবং সরবরাহ শৃঙ্খল সচল রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে সরকার। একই সঙ্গে বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে মূল্যবৃদ্ধির নেতিবাচক প্রভাব সাধারণ মানুষের ওপর কমিয়ে আনা যায়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970