একযোগে পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হলেন ১৭২ কর্মকর্তা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৭:৫৯ পিএম

ছবি: সংগৃহীত

প্রশাসনে বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার। একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে উন্নীত করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই প্রশাসনের সবচেয়ে বড় পদোন্নতির ঘটনা।

বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত সব কর্মকর্তাকে আপাতত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রাখা হয়েছে। তবে তাদের নতুন কর্মস্থলে পদায়নের বিষয়ে এখনও পৃথক কোনো আদেশ জারি হয়নি।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে অথবা নির্ধারিত ই-মেইলের মাধ্যমে যোগদানপত্র জমা দিতে পারবেন। এ ছাড়া পদোন্নতির আদেশে উল্লেখিত কর্মস্থলের পরিবর্তে অন্য কোনো দপ্তরে কর্মরত থাকলে বর্তমান কর্মস্থলের নাম-ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে।

এতে আরও বলা হয়েছে, ভবিষ্যতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নধর্মী তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট পদোন্নতির আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।

বর্তমানে প্রশাসনে যুগ্ম-সচিবের সংখ্যা এক হাজার ৬১। এবারের পদোন্নতিতে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচকে প্রধান বিবেচনায় নেওয়া হলেও, আগের বিভিন্ন সময়ে পদোন্নতি থেকে বঞ্চিত কয়েকটি ব্যাচের কর্মকর্তারাও তালিকায় স্থান পেয়েছেন।

প্রচলিত পদোন্নতি বিধিমালা অনুযায়ী, যুগ্ম-সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৭০ শতাংশ প্রশাসন ক্যাডার এবং ৩০ শতাংশ অন্যান্য ক্যাডারের উপসচিবদের বিবেচনায় নেওয়ার বিধান রয়েছে। একই সঙ্গে উপসচিব হিসেবে নির্ধারিত মেয়াদে চাকরি এবং সংশ্লিষ্ট ক্যাডারে প্রয়োজনীয় অভিজ্ঞতা অর্জনকারী কর্মকর্তারাই এই পদে পদোন্নতির জন্য যোগ্য হিসেবে বিবেচিত হন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970