একযোগে বরখাস্ত হচ্ছেন ৫৭ পুলিশ কর্মকর্তা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৮:১১ পিএম

ছবি: সংগৃহীত

চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত ও পলাতক থাকা ৫৭ জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ প্রক্রিয়ার অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ জুলাই) প্রথম দফায় তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- ৩৩তম বিসিএস ব্যাচের মিশু বিশ্বাস ও জুয়েল চাকমা এবং ৩৬তম বিসিএস ব্যাচের মাহমুদুল হাসান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা) কাজী সাইফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পুলিশের অন্তত ৮২ জন ক্যাডার কর্মকর্তা পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বরখাস্তের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে ৫৭ জন কর্মকর্তার একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে। প্রথম ধাপে তিনজনকে বরখাস্ত করা হয়েছে এবং পর্যায়ক্রমে তালিকাভুক্ত অন্য কর্মকর্তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বরখাস্তের তালিকায় রয়েছেন সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ, সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, নূরে আলম মিনা, মো. আনিসুর রহমান, ডিআইজি এ কে এম এহসানউল্লাহ, বিপ্লব বিজয় তালুকদার এবং টুটুল চক্রবর্তীসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের একাধিক কর্মকর্তা।

এ ছাড়া তালিকায় সাবেক যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান, রিফাত রহমান শামীম, সুদীপ কুমার চক্রবর্তী, সঞ্জিত কুমার রায়, সাবেক উপ-পুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীম, মো. ইকবাল হোসাইন, মো. নাজমুল ইসলাম, মানস কুমার পোদ্দার, কাজী মনিরুজ্জামান, মো. শাহ নূর আলম পাটওয়ারী এবং সন্ত্রাসবিরোধী বিশেষ ইউনিটের (এটিইউ) সাবেক কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেনের নামও রয়েছে।

পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও সহকারী কমিশনার পদমর্যাদার আরও বেশ কয়েকজন কর্মকর্তাও বরখাস্তের তালিকায় রয়েছেন। তাদের মধ্যে কয়েকজন বর্তমানে সাময়িক বরখাস্ত অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970