মাঝ আকাশে আত্মহত্যা করলেন আর্জেন্টিনার পাইলট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৮:১৭ পিএম
আর্জেন্টিনায় একটি প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে মাঝ আকাশে চলন্ত বিমানের দরজা খুলে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন এক অভিজ্ঞ ফ্লাইট প্রশিক্ষক। হঠাৎ ঘটে যাওয়া এ ঘটনায় ককপিটে থাকা ২২ বছর বয়সী শিক্ষানবিশ মানসিক ধাক্কা সামলে একাই বিমানটি নিরাপদে অবতরণ করিয়ে প্রশংসা কুড়িয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) আর্জেন্টিনার পাবলিক প্রসিকিউটরের কার্যালয় এ তথ্য জানিয়েছে। তবে ঘটনাটি ঘটে গত শনিবার।
নিহত পাইলটের নাম লিয়ান্দ্রো আন্দ্রেস বেরতাজ্জো (৪২)। তিনি একজন অভিজ্ঞ ফ্লাইট প্রশিক্ষক হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সংবাদমাধ্যম টিএন-এর প্রতিবেদনে বলা হয়, ‘সেসনা ১৫০’ মডেলের একটি প্রশিক্ষণ বিমান নিয়ে তিনি ২২ বছর বয়সী শিক্ষার্থী রোজারিওকে প্রশিক্ষণ দিচ্ছিলেন। তদন্তকারীদের দেওয়া জবানবন্দিতে রোজারিও জানান, উড্ডয়নের একপর্যায়ে বেরতাজ্জো হঠাৎ নিজের হেডসেট ও সিটবেল্ট খুলে ফেলেন। এরপর বিমানের দরজা খোলার আগে তিনি শিক্ষার্থীকে বলেন, ‘তুমি জানো তোমাকে কী করতে হবে, চালিয়ে যাও।’ কথা শেষ করেই তিনি চলন্ত বিমান থেকে লাফিয়ে পড়েন।
পরে উদ্ধার অভিযান চালিয়ে বেরতাজ্জোর মরদেহ উদ্ধার করা হয়।
বেরতাজ্জো যে ‘ফ্লাইং প্যারট কর্ডোবা’ ফ্লাইং স্কুলে কর্মরত ছিলেন, সেই প্রতিষ্ঠানের পরিচালক এদুয়ার্দো আলভারেজ বলেন, বেরতাজ্জো অত্যন্ত প্রাণবন্ত ও হাসিখুশি মানুষ ছিলেন। ঘটনার দিন সকালেও তিনি আরেক শিক্ষার্থীকে নিয়ে সফলভাবে একটি প্রশিক্ষণ ফ্লাইট সম্পন্ন করেছিলেন। তার আচরণে এমন কোনো ইঙ্গিত ছিল না, যা থেকে এমন মর্মান্তিক ঘটনার আশঙ্কা করা যেত।
আলভারেজ আরও বলেন, ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার গতিতে চলন্ত একটি বিমানের দরজা খোলা অত্যন্ত কঠিন কাজ। পাশে একজন শিক্ষার্থী থাকা অবস্থায় তিনি কেন এমন সিদ্ধান্ত নিলেন, তা বোঝা সত্যিই কঠিন।
এদিকে আকস্মিক এ ঘটনায় শিক্ষার্থী রোজারিও প্রথমে হতবাক ও আতঙ্কিত হয়ে পড়লেও অসাধারণ মানসিক দৃঢ়তা ও সাহসের পরিচয় দেন। তিনি একাই বিমানটির নিয়ন্ত্রণ ধরে রেখে নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন।
উল্লেখ্য, লিয়ান্দ্রো আন্দ্রেস বেরতাজ্জো শুধু আর্জেন্টিনাতেই নয়, প্রতিবেশী দেশ চিলিতেও দীর্ঘদিন সুনামের সঙ্গে ফ্লাইট প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।