বিশ্বকাপ খেলার ১৬ দিন পরেই না ফেরার দেশে তারকা ফুটবলার
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১১:২০ পিএম
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার জার্সিতে মাঠ মাতানোর মাত্র ১৬ দিনের মধ্যেই না ফেরার দেশে পাড়ি জমালেন তরুণ ফুটবলার জেডেন অ্যাডামস। মাত্র ২৫ বছর বয়সে তার আকস্মিক মৃত্যুতে দক্ষিণ আফ্রিকার ফুটবল অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
চলমান বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে মাঠে নামেন মেমেলোদি সানডাউন্সের এই মিডফিল্ডার। দলের তিনটি গ্রুপ পর্বের ম্যাচেই খেলেছিলেন তিনি। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের হারের ম্যাচে শুরুর একাদশে ছিলেন অ্যাডামস। এরপর চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ১-১ গোলের ড্র ম্যাচেও প্রথম একাদশে জায়গা করে নেন।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে গত ২৫ জুন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়ে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি। তবে শেষ বত্রিশে কানাডার বিপক্ষে ১-০ গোলের হারের ম্যাচে খেলার সুযোগ পাননি। সেই ম্যাচের মাত্র ১৬ দিন পরই মৃত্যুবরণ করেন এই প্রতিভাবান মিডফিল্ডার।
জেডেন অ্যাডামসের মৃত্যুর খবর নিশ্চিত করে শোক প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেইটন ম্যাকেঞ্জি। এক শোকবার্তায় তিনি বলেন, মাত্র ২৫ বছর বয়সে মেমেলোদি সানডাউন্স ও দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের মিডফিল্ডার জেডেন অ্যাডামসের মৃত্যু দেশের ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি।
তিনি আরও বলেন, সম্ভাবনাময় একাডেমি খেলোয়াড় থেকে জাতীয় দলের অন্যতম ভরসায় পরিণত হওয়া অ্যাডামসের এই অকাল প্রয়াণে তার পরিবার, সতীর্থ, সমর্থক এবং পুরো দেশ গভীরভাবে শোকাহত।
এদিকে দক্ষিণ আফ্রিকা ফুটবল খেলোয়াড় ইউনিয়নও এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে। সংগঠনটি জানায়, ২০২৬ সালের বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করে জেডেন অ্যাডামস সাহস, গর্ব ও দায়িত্বশীলতার সঙ্গে খেলেছেন। তার মৃত্যু পরিবার, ক্লাব, সতীর্থ এবং দেশের ফুটবলের জন্য এক অপূরণীয় ক্ষতি।
স্টেলেনবোশের যুব একাডেমি থেকেই পেশাদার ফুটবলে পথচলা শুরু হয় অ্যাডামসের। ক্লাবটির একাডেমি থেকে উঠে এসে প্রথম খেলোয়াড় হিসেবে পেশাদার চুক্তি স্বাক্ষর করেন তিনি। স্টেলেনবোশের হয়ে ১৩৯টি ম্যাচ খেলেন এবং ২০২৩ সালে দলটির কার্লিং নকআউট শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পরে ২০২৫ সালের জানুয়ারিতে যোগ দেন মেমেলোদি সানডাউন্সে।