বিদ্যুৎহীন ঢাকার একাংশ, হঠাৎ কি হলো?
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১১:১৫ পিএম
রাজধানীর তেজগাঁওয়ের এফডিসি মোড় এলাকার একটি বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় কারওয়ান বাজার, মগবাজারসহ ঢাকার বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে আগুন লাগার পর নিরাপত্তার স্বার্থে একাধিক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে চরম দুর্ভোগে পড়েন বাসিন্দা ও ব্যবসায়ীরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, শনিবার দুপুর দেড়টার দিকে উপকেন্দ্রটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের পর নিরাপত্তা নিশ্চিত করতে কারওয়ান বাজার, তেজগাঁও, বাংলামোটর, পরীবাগ, মগবাজার, ইস্কাটনসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে বিকল্প লাইনের মাধ্যমে কয়েকটি এলাকায় আংশিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়েছে।
ডিপিডিসির নির্বাহী পরিচালক (অপারেশন, অতিরিক্ত দায়িত্ব) রবিউল হাসান জানান, ক্ষতিগ্রস্ত উপকেন্দ্রটি দ্রুত মেরামতের জন্য প্রকৌশলী ও কারিগরি কর্মীরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। সবকিছু অনুকূলে থাকলে রাত ১০টার মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পূর্ণাঙ্গভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।