হবিগঞ্জে তিন মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১১:৪০ এএম

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় সিলেটে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের নির্মাণাধীন আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের চন্দনের ছেলে অন্তর (২৫), বানিয়াচং উপজেলার আমিরখানী গ্রামের ফুল মিয়ার ছেলে তানভীর এবং একই গ্রামের নুরুল লস্করের ছেলে আবিদুল লস্কর (৩২)।

আহতরা হলেন চুনারুঘাট উপজেলার শেখেরগাঁও গ্রামের আব্দুস শহিদের ছেলে সাহিদুল ইসলাম বাচ্চু (৩৫) এবং গোছাপাড়া গ্রামের আব্দুর জব্বারের ছেলে মিজান মিয়া (২৭)। তারা বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশের কর্মী। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, দ্রুতগতিতে চলা তিনটি মোটরসাইকেল জলসুখা ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহত চারজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত বাকি দুইজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেটে পাঠানো হয়।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকবর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970