সারজিস-পাটওয়ারীর উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান, ব্যাখ্যা দিল এনসিপি

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১১:৩২ এএম

ছবি: সংগৃহীত

গাইবান্ধায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক পথসভায় সমাপনী বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে। অনুষ্ঠানের সভাপতি ও এনসিপির সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক শফিজল ইসলাম বক্তব্য শেষ করার সময় এ স্লোগান দেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা সদরের শহীদ মিনার চত্বরে জেলা এনসিপির আয়োজনে অনুষ্ঠিত পথসভায় এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ৫৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বক্তব্যের শেষ দিকে শফিজল ইসলাম বলেন, তিনি জামালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে মানুষের সঙ্গে কথা বলছেন এবং ইতিবাচক সাড়া পাচ্ছেন। তিনি সহযোগিতা পেলে চেয়ারম্যান পদে জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। বক্তব্য শেষ করার সময় তিনি বলেন, ‘খোদা হাফেজ, জয় বাংলা।’

তার এই স্লোগানের পর মঞ্চে উপস্থিত নেতাদের মধ্যে তাৎক্ষণিকভাবে ফিসফাস শুরু হয়। এরপর শফিজল ইসলাম মঞ্চ থেকে নেমে যান।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কেন্দ্রীয় নেতা নাজমুল হাসান, সুমাইয়া ফারজানা এবং গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক খাদেমুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে রংপুরের পীরগঞ্জে তার কবর জিয়ারত শেষে ঢাকায় ফেরার পথে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কেন্দ্রীয় নেতারা ওই পথসভায় অংশ নেন।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে এনসিপির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক খাদেমুল ইসলাম বলেন, মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বিষয়টি দেখে বিস্মিত হয়েছেন। তবে শফিজল ইসলাম আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। এলাকায় তার ব্যক্তিগত গ্রহণযোগ্যতার কারণে তাকে উপজেলা শাখার আহ্বায়ক করা হয়েছে। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বড় জনসমাবেশে বক্তব্য দেওয়ার অভিজ্ঞতা না থাকায় অসাবধানতাবশত তিনি ‘জয় বাংলা’ বলে ফেলেছেন বলে দাবি করেন খাদেমুল ইসলাম।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970