৮ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মিলল ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিকের মরদেহ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৯:৩৫ পিএম
নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনে স্পিডবোটের রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে নদীতে পড়ে নিখোঁজ হওয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি মো. সাদিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। টানা প্রায় আট ঘণ্টার উদ্ধার অভিযান শেষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টা ৩ মিনিটে তার মরদেহ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিটে স্পিডবোটের রক্ষণাবেক্ষণের সময় দুর্ঘটনাবশত নদীতে পড়ে যান ডুবুরি সাদিক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
পরে ফায়ার সার্ভিসের নেতৃত্বে চলা দীর্ঘ অনুসন্ধান শেষে সন্ধ্যায় আরিচা কাম-স্থল নদী ফায়ার স্টেশনের ডুবুরি মেরাজ আলী সাদিকের মরদেহ শনাক্ত ও উদ্ধার করেন।
এ অভিযানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাশাপাশি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্ট গার্ডের ডুবুরি দল অংশ নেয়।
প্রয়াত ডুবুরি মো. সাদিকের বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুমড়াকান্দি গ্রামে। দায়িত্ব পালনকালে সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ গত বছর তিনি ফায়ার সার্ভিসের রাষ্ট্রীয় পদকে ভূষিত হয়েছিলেন।