ইসরায়েলের বিপক্ষে ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১২:০৩ পিএম

ছবি: সংগৃহীত

ফুটবল মাঠে দারুণ নৈপুণ্যের পাশাপাশি মানবিক উদ্যোগের জন্যও প্রশংসা পাচ্ছে নরওয়ে। ২০২৬ বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচ থেকে টিকিট বিক্রির পুরো অর্থ আন্তর্জাতিক চিকিৎসাসেবা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)-এর কাছে হস্তান্তর করেছে নরওয়ে ফুটবল ফেডারেশন। এই অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজাসহ বিশ্বের বিভিন্ন সংঘাতপ্রবণ অঞ্চলে জরুরি চিকিৎসা ও মানবিক সহায়তায় ব্যয় করা হবে।

ওসলোয় অনুষ্ঠিত ওই ম্যাচে ইসরায়েলকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারায় নরওয়ে। তবে ম্যাচের ফলের চেয়েও বেশি আলোচনায় এসেছে নরওয়ে ফুটবল ফেডারেশনের মানবিক এই উদ্যোগ।

সংস্থাটির সভাপতি লিসা ক্লাভেনেস বলেন, চলমান বৈশ্বিক মানবিক সংকটের সময়ে যুদ্ধের শিকার নিরীহ মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। সে কারণেই ম্যাচ থেকে পাওয়া পুরো অর্থ এমএসএফের মাধ্যমে সংঘাতকবলিত অঞ্চলের মানুষের চিকিৎসা ও জরুরি সহায়তার জন্য দেওয়া হয়েছে।

অ্যাসোসিয়েটেড প্রেস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গাজায় প্রতিদিন জীবন রক্ষায় কাজ করা একটি সংস্থার হাতে এই অর্থ তুলে দেওয়া প্রয়োজন ছিল। যুদ্ধক্ষেত্রে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও সহায়তা পৌঁছে দিতে এমএসএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গাজায় বেসামরিক মানুষের ওপর চলমান হামলা ও মানবিক সংকটের প্রতিও তারা উদাসীন থাকতে পারেন না বলে মন্তব্য করেন তিনি।

শুধু টিকিট বিক্রির অর্থই নয়, নরওয়ের একটি বিনিয়োগ প্রতিষ্ঠানও একই তহবিলে অতিরিক্ত ৩০ লাখ নরওয়েজিয়ান ক্রোনার, যা প্রায় ৩ লাখ ৫ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ, অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে।

আন্তর্জাতিক মানবিক সহায়তায় নরওয়ের ভূমিকা দীর্ঘদিনের। সংঘাতপূর্ণ বিভিন্ন অঞ্চলে ত্রাণ ও চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও দেশটি সক্রিয়। ব্রাজিলের বন সংরক্ষণের জন্য গঠিত অ্যামাজন ফান্ড-এর অন্যতম প্রধান অর্থদাতা দেশও নরওয়ে।

অন্যদিকে মাঠের খেলাতেও এবারের বিশ্বকাপে নজর কেড়েছে আর্লিং হলান্ডের নেতৃত্বাধীন নরওয়ে। শেষ ৩২-এর লড়াইয়ে আইভরি কোস্টকে ২-১ গোলে হারানোর পর শেষ ষোলোতে ব্রাজিলকে ২-০ গোলে পরাজিত করে চমক দেখায় দলটি। তবে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ মিশন শেষ হয় নরওয়ের।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970