একসঙ্গে আত্মহত্যার পরিকল্পনা: যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১০:২৫ এএম

ছবি: সংগৃহীত

একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েই যমুনা নদীর সেতুতে পৌঁছেছিলেন এক প্রেমিক-প্রেমিকা। তবে শেষ মুহূর্তে পরিকল্পনা থেকে সরে যান তরুণী। প্রেমিক নদীতে ঝাঁপ দিলেও তিনি ঘটনাস্থল ছেড়ে চলে যান। পরে পুলিশ ও স্থানীয় ডুবুরি দলের তৎপরতায় জীবিত উদ্ধার করা হয় ওই যুবককে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজের নিউ যমুনা সেতুতে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া যুবকের নাম আনু গুপ্তা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, যুগলটি আত্মহত্যার উদ্দেশ্যে সেতুতে এসেছিলেন। ধারণা করা হচ্ছে, তারা আগেই এ পরিকল্পনা করেছিলেন। সেতুর ওপর কিছুক্ষণ কথা বলার পর আনু গুপ্তা যমুনা নদীতে ঝাঁপ দেন।

তবে তার সঙ্গে থাকা তরুণী নদীতে ঝাঁপ না দিয়ে সেখানেই দাঁড়িয়ে পুরো ঘটনাটি দেখেন। পরে যুবককে নদীতে তলিয়ে যেতে দেখে তিনি শান্তভাবে ঘটনাস্থল ত্যাগ করেন।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ডুবুরি দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর নদী থেকে জীবিত উদ্ধার করা হয় আনু গুপ্তাকে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ ও নিরাপদে রয়েছেন।

ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। একই সঙ্গে যুবকের সঙ্গে থাকা তরুণীর পরিচয় শনাক্ত এবং তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: ইন্ডিয়া টুডে

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970