পাকিস্তানে ভারী বৃষ্টিতে ছাদ ধসে নারীসহ ১০ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৬:৫১ পিএম
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ভারী বর্ষণের মধ্যে একটি বাড়ির ছাদ ধসে নারীসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৪ জুলাই) প্রাদেশিক সরকারের তথ্যের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে আরব নিউজ।
কর্তৃপক্ষ জানায়, কোহাত জেলার লাচি তহসিলের মালাগিন এলাকায় সোমবার রাতে টানা ভারী বৃষ্টির একপর্যায়ে একটি বসতবাড়ির ছাদ ধসে পড়ে। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
খাইবার পাখতুনখাওয়ার তথ্যমন্ত্রী শফি জান এক বিবৃতিতে বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় নারীসহ ১০ জনের প্রাণহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক। তিনি জানান, উদ্ধারকারী সংস্থা ‘রেসকিউ ১১২২’-এর সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করেছেন এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রাদেশিক সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
খাইবার পাখতুনখাওয়া পাকিস্তানের অন্যতম দুর্যোগপ্রবণ অঞ্চল। মৌসুমি বৃষ্টিপাতের সময় প্রদেশটির অনেক গ্রামীণ এলাকায় কাদামাটি ও পুরোনো ইটের তৈরি জরাজীর্ণ বাড়িঘর সহজেই ধসে পড়ে। এছাড়া পাহাড়ি ভূপ্রকৃতির কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকিও এখানে তুলনামূলক বেশি।
পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৬ জুন থেকে শুরু হওয়া চলতি মৌসুমি বৃষ্টিতে সারা দেশে বিভিন্ন দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৯১ জন।
সরকারি পরিসংখ্যান বলছে, আবহাওয়াজনিত এসব মৃত্যুর প্রায় অর্ধেকই ঘটেছে ঘরবাড়ি ধসে। চলমান দুর্যোগে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এ পর্যন্ত ৭৫টি বাড়ি আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২৮টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।