বন্ধুর নামে ৩৬ কোটি টাকার সম্পত্তি লিখে দিলেন চীনা তরুণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১১:১৩ এএম
মাত্র ১৯ বছর বয়সে নিজের প্রায় ২ কোটি ইউয়ান, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ কোটি টাকা মূল্যের সম্পত্তি শৈশবের এক বন্ধুর নামে উইল করে চীনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন এক তরুণ।
সাংহাইয়ের বাসিন্দা লি (ছদ্মনাম) সম্প্রতি একটি আইনগতভাবে নিবন্ধিত উইল সম্পন্ন করেছেন। এতে তার মালিকানাধীন একটি ফ্ল্যাট এবং কয়েক মিলিয়ন ইউয়ানের সঞ্চয় শৈশবের বিশ্বস্ত বন্ধুর নামে রেখে গেছেন।
জানা গেছে, লির বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের পর দুজনই নতুন করে সংসার শুরু করেন। পরে তারা ছেলেকে একটি ফ্ল্যাটসহ কিছু সম্পত্তি দিলেও শৈশব থেকেই বাবা-মায়ের সঙ্গে তার খুব বেশি সময় কাটানোর সুযোগ হয়নি। এ কারণে তাদের সঙ্গে তার মানসিক দূরত্ব তৈরি হয়েছে বলে জানিয়েছেন লি।
চরম ঝুঁকিপূর্ণ খেলাধুলার প্রতি আগ্রহী এই তরুণের আশঙ্কা, কোনো দুর্ঘটনায় তার মৃত্যু হলে বাবা-মা উত্তরাধিকারসূত্রে সম্পত্তির মালিক হবেন এবং পরবর্তীতে তাদের বর্তমান জীবনসঙ্গীরাও সেই সম্পদের সুবিধা পেতে পারেন। যাদের তিনি নিজের জীবনের অংশ হিসেবে মনে করেন না। এই কারণেই নিজের সম্পদের উত্তরাধিকারী হিসেবে শৈশবের বন্ধুকেই বেছে নিয়েছেন তিনি।
চীনের উত্তরাধিকার আইন অনুযায়ী, কোনো ব্যক্তি উইল না করে মারা গেলে তার স্বামী বা স্ত্রী, সন্তান এবং বাবা-মা প্রথম শ্রেণির উত্তরাধিকারী হিসেবে সম্পত্তির অধিকার পান। তবে দেশটির আইন নাগরিকদের উইলের মাধ্যমে আইনগত উত্তরাধিকারীদের বাইরে অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাষ্ট্রের নামে সম্পত্তি দিয়ে যাওয়ার সুযোগও দেয়।
লি সাংহাইয়ের চায়না উইল রেজিস্ট্রেশন সেন্টার-এ গিয়ে তার উইল নিবন্ধন করেন। কেন্দ্রটির কর্মকর্তা হুয়াং হাইবো জানিয়েছেন, উইল কার্যকর হওয়ার পর ৬০ দিনের মধ্যে লির বন্ধুকে আনুষ্ঠানিকভাবে উত্তরাধিকার গ্রহণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তা না করলে তিনি সম্পত্তির অধিকার হারাবেন।
২০১৩ সালে প্রতিষ্ঠিত অলাভজনক প্রতিষ্ঠান চায়না উইল রেজিস্ট্রেশন সেন্টার-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সেখানে চার লাখের বেশি উইল নিবন্ধিত হয়েছে। সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, দেশটিতে উইল করার প্রবণতা ধারাবাহিকভাবে বাড়ছে। একই সঙ্গে উইলকারীদের গড় বয়সও ৭৭ বছর থেকে কমে ৬৭ বছরে নেমে এসেছে।
হুয়াং হাইবো জানান, আশির ও নব্বইয়ের দশক এবং ২০০০ সালের পর জন্ম নেওয়া তরুণদের মধ্যেও উইল করার আগ্রহ বাড়ছে। ফলে উইল এখন শুধু বয়স্কদের বিষয় নয়, বরং ব্যক্তিগত আর্থিক পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশে পরিণত হচ্ছে।
অন্যদিকে ঝেজিয়াং প্রদেশের এক নোটারি কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, বর্তমানে অনেক তরুণ বিয়ের আগে নিজের নামে থাকা বা উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পত্তি সুরক্ষিত রাখতে উইল করছেন। পাশাপাশি অবিবাহিত ও নিঃসন্তানদের মধ্যেও এ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।
এদিকে লির সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। কেউ মনে করছেন, বাবা-মায়ের সঙ্গে দূরত্ব থাকলেও তারাই ছেলেকে মূল্যবান সম্পত্তি দিয়েছেন, তাই তাদের উত্তরাধিকারী হওয়াই স্বাভাবিক ছিল। আবার অনেকে বলছেন, মাত্র ১৯ বছর বয়সে এমন সিদ্ধান্ত নেওয়া তাড়াহুড়ো হয়ে গেছে এবং ভবিষ্যতে তার মত পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। তবে অনেকেই শৈশবের বন্ধুর প্রতি লির আস্থা ও বন্ধুত্বের মূল্যায়নের প্রশংসা করেছেন। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট