যুক্তরাষ্ট্রের তৎপরতা বন্ধ না হলে হরমুজে জাহাজ চলাচলের অনুমতি নয়: ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১১:৩৮ এএম
পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের কথিত অবৈধ সামরিক তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে ইরান। রোববার (১২ জুলাই) দেশটির নবগঠিত পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক কর্মকাণ্ডের কারণে বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে জাহাজ চলাচলের পরিবেশ নেই। পরিস্থিতি স্বাভাবিক হয়ে স্থিতিশীলতা ও শান্তি ফিরে এলে প্রণালি ব্যবহারসংক্রান্ত আবেদন নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হবে।
এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকেই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করতে শুরু করে তেহরান। ওই সময় ইরানি বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন জাহাজে হামলা, সমুদ্রে মাইন পেতে রাখা এবং প্রণালি নিরাপদে অতিক্রমের জন্য অর্থ আদায়ের মতো পদক্ষেপ নেওয়ার অভিযোগ ওঠে।
এদিকে, গত মে মাসে ইরান পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ গঠন করে। নতুন এই সংস্থাকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রণালির বিদ্যমান ব্যবস্থাপনায় স্থায়ী পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে তেহরান।