ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১০:৫০ এএম

ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রে সাবেক সংসদ সদস্য বিনায়ক রাউত ও তার পরিবারের বিরুদ্ধে কুসংস্কার চর্চা এবং গৃহনির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। সাবেক এই সংসদ সদস্যের পুত্রবধূ গিরিজা রাউত দাবি করেছেন, তাকে জোরপূর্বক গোমূত্র পান করানো, তান্ত্রিক আচার পালনে বাধ্য করা এবং দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, থানে জেলার এ ঘটনায় পুলিশ সাবেক সংসদ সদস্য বিনায়ক রাউত, তার স্ত্রী, ছেলে এবং স্থানীয় কাউন্সিলর গীতেশ রাউতের বিরুদ্ধে মহারাষ্ট্রের কুসংস্কারবিরোধী আইনে মামলা করেছে। মামলায় ফিরোজ ও কাজি নামে কথিত দুই তান্ত্রিককেও আসামি করা হয়েছে।

গিরিজা রাউতের অভিযোগ, বিয়ের পর গত সাত বছর ধরে তিনি শ্বশুরবাড়িতে নিয়মিত মানসিক, সামাজিক ও আবেগগত নির্যাতনের শিকার হয়েছেন। তার ভাষ্য, স্বামীর কথিত বন্ধ্যাত্বের সমস্যা দূর করার কথা বলে বারবার তাকে তান্ত্রিকদের কাছে নেওয়া হতো। একপর্যায়ে শ্বশুর বিনায়ক রাউত ও পরিবারের অন্য সদস্যরা তাকে জোর করে গোমূত্র পান করান। একই সঙ্গে কুসংস্কারমূলক আচার পালনের অংশ হিসেবে তার মাথা থেকে চুলও ছিঁড়ে নেওয়া হয়।

সাংবাদিকদের কাছে গিরিজা বলেন, প্রভাবশালী রাজনৈতিক পরিবারের বিরুদ্ধে এতদিন অভিযোগ করার সাহস পাননি। পরিবারের প্রধান হওয়া সত্ত্বেও শ্বশুর তার পাশে দাঁড়ানোর পরিবর্তে এসব কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে অভিযোগ করেন তিনি।

গিরিজা আরও জানান, বিয়ের পর উটিতে হানিমুনে গেলেও তার স্বামী শারীরিক সম্পর্ক এড়িয়ে চলতেন। বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে তাকে অপমান করা হতো। এমনকি তার স্বামী একসময় বলেছিলেন, ভারতের বাইরে কোনো দেশে গেলেই কেবল তাদের মধ্যে শারীরিক সম্পর্ক সম্ভব।

এ ছাড়া পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে প্রকাশ্যে অপমান, নিয়মিত মানসিক চাপ সৃষ্টি এবং মারধরের অভিযোগও করেছেন তিনি। তার দাবি, ২০১৮ সালে অস্ট্রেলিয়া সফরের সময়ও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হন। তখন কথিত তান্ত্রিকদের বরাত দিয়ে তাকে বলা হয়েছিল, স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক হলে তার স্বামীর মৃত্যু হবে।

গিরিজার অভিযোগের ভিত্তিতে তার স্বামী, শ্বশুর বিনায়ক রাউত এবং শ্বশুরবাড়ির অন্য সদস্যদের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতন, অশালীন আচরণ ও গৃহনির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত বিনায়ক রাউত বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970