ইংল্যান্ডে টানা তিন বছর ধরে সবচেয়ে জনপ্রিয় নাম ‘মুহাম্মদ’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১১:৩২ এএম
ইংল্যান্ড ও ওয়েলসে টানা তৃতীয় বছরের মতো নবজাতক ছেলেশিশুর সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে ‘মুহাম্মদ’। দেশটির জাতীয় পরিসংখ্যান দপ্তরের ২০২৫ সালের জন্মনিবন্ধনভিত্তিক সর্বশেষ তথ্য থেকে এ চিত্র উঠে এসেছে।
প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে মোট ৫ হাজার ৯৫৭ নবজাতক ছেলের নাম রাখা হয়েছে ‘মুহাম্মদ’। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ‘নোয়া’ নামের তুলনায় প্রায় ২ হাজার বেশি শিশুর নাম রাখা হয়েছে ‘মুহাম্মদ’।
তথ্য বলছে, ২০২৩ সাল থেকে ‘মুহাম্মদ’ ও ‘নোয়া’ যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে। তবে চলতি বছরের পরিসংখ্যানে দুই নামের জনপ্রিয়তার ব্যবধান আগের বছরের তুলনায় আরও বেড়েছে।
এবারের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ‘লিও’ এবং চতুর্থ স্থানে রয়েছে ‘লুকা’। অন্যদিকে ‘আর্থার’, ‘অলিভার’ ও ‘জর্জ’ আগের বছরের তুলনায় কয়েক ধাপ নিচে নেমে গেছে।
জাতীয় পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী, ‘মুহাম্মদ’ নামের জনপ্রিয়তা গত কয়েক দশক ধরেই ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। ১৯৯৭ সালে প্রথমবারের মতো নামটি ইংল্যান্ড ও ওয়েলসের শীর্ষ ১০০ জনপ্রিয় ছেলেশিশুর নামের তালিকায় স্থান পায়। এরপর ২০১৬ সালে এটি শীর্ষ ১০–এ উঠে আসে এবং ২০২৩ সালে প্রথমবারের মতো সবচেয়ে জনপ্রিয় ছেলেশিশুর নামের স্বীকৃতি অর্জন করে। সেই ধারাবাহিকতায় টানা তিন বছর ধরে শীর্ষস্থান ধরে রেখেছে নামটি।
এদিকে ‘মোহাম্মদ’ নামের বিভিন্ন বানানও দীর্ঘদিন ধরে সরকারি তালিকায় রয়েছে। ১৯৫৪ সালেই নামটির তিনটি ভিন্ন বানান শীর্ষ ১০০–এর তালিকায় স্থান পেয়েছিল। আর ‘মোহাম্মদ’ বানানটি প্রথম ১৯২৪ সালে তালিকাভুক্ত হয়, তখন এর অবস্থান ছিল ৯১তম।
সূত্র: এমএসএন, ইয়েনি শাফাক, নিউজ১৮।