ভারতীয় নাবিকদের হরমুজ প্রণালিতে প্রবেশে কঠোর নির্দেশনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১০:৫৩ এএম
পারস্য উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধাবস্থা ও ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির কারণে হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে ভারতীয় নাবিকদের দায়িত্ব না দেওয়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভারতের নৌপরিবহন অধিদপ্তর দেশের সব জাহাজ মালিক, নৌ ব্যবস্থাপক এবং নাবিক নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্যে জারি করা এক বিশেষ সতর্কবার্তায় জানায়, হরমুজ প্রণালি অতিক্রমকারী কোনো জাহাজে নতুন করে ভারতীয় নাবিক মোতায়েন করা যাবে না। পারস্য উপসাগরের বর্তমান যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তা সংকট বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি নির্দেশনায় আরও বলা হয়েছে, ওই অঞ্চলে দায়িত্ব পালনরত ভারতীয় সমুদ্রকর্মীদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ এই নৌপথে ভারতীয় নাবিকদের পাঠানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
চলতি সপ্তাহে হরমুজ প্রণালি সংলগ্ন এলাকায় পৃথক দুটি হামলায় দুই ভারতীয় নাবিক নিহত হওয়ার পরই ভারত সরকার এই জরুরি পদক্ষেপ নেয়। সাম্প্রতিক ঘটনাগুলো ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
এদিকে, জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর থেকে হরমুজ প্রণালি ও আশপাশের সামুদ্রিক এলাকায় বিভিন্ন হামলায় অন্তত ১৪ জন নাবিক নিহত হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে ভারতের তিনজন নাবিকও রয়েছেন। তারা গত ৯ জুন ওমান উপকূলের কাছে ‘সেত্তেবেলো’ নামের একটি তেলবাহী ট্যাংকারে সংঘটিত বিমান হামলায় প্রাণ হারান।
সূত্র: আল জাজিরা