‘ইফতারে বুট মুড়ি, রাতে ভাত দেয় না’ এতিমখানার শিশুর চিঠি ভাইরাল
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১০:০৬ পিএম
রাজধানীর যাত্রাবাড়ীর একটি এতিমখানার এক শিশুর মায়ের কাছে লেখা একটি চিঠি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। হৃদয়স্পর্শী সেই চিঠি ইতিমধ্যেই অনেক মানুষের আবেগ নাড়া দিয়েছে।
গত ১১ মার্চ নাসরিন আক্তার নামের একটি ফেসবুক আইডি থেকে শিশুটির ছবি ও তার হাতে লেখা চিঠির ছবি প্রকাশ করা হয়।
নাসরিন আক্তার দুটি ছবি প্রকাশ করে সেখানে লিখেছেন, তিনি এতিমখানায় সন্তানদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তখন তার মেজ ছেলে তাহাসিন আব্দুল্লাহ একটি কাগজ তার হাতে তুলে দেয়।
প্রকাশিত ছবিতে দেখা যায়, শিশুটির হাতে লেখা একটি চিঠি। ধারণা করা হচ্ছে, মায়ের কাছে দেওয়ার জন্যই সে নিজের হাতে ওই চিঠিটি লিখেছিল।
চিঠিতে শিশুটি লিখেছে, ‘আম্মা, আমারে সাবান দিয়ো। তিন দিন আগে সাবান শেষ। একটা সাদা পাঞ্জাবি দিয়ো, আগেরটা ছিঁড়া গেছে। ইফতারে বুট মুড়ি দেয়। রাতে ভাত দেয় না। আমার জন্য কিছু খাবার আইনো, ভালো খাবার। একটা মশারি দিয়ো। আর চাদর দিয়ো, মশা কামড়ায়।’
শিশুটির সরল ভাষায় লেখা এই চিঠি প্রকাশের পর তা দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অনেক মানুষের হৃদয় স্পর্শ করে। অনেকে শিশুটির খোঁজখবর নিতে ও সহায়তার আগ্রহ প্রকাশ করেছেন।
পোস্টদাতা নাসরিন আক্তার শিশুটির মা বলে জানা গেছে। তিনি পোস্টের মন্তব্যে এতিমখানার ঠিকানাও উল্লেখ করেছেন, যাতে সহায়তা করতে আগ্রহী মানুষ সহজেই যোগাযোগ করতে পারেন।