ডিসি সারোয়ার আলমকে পুর্নবহালের দাবি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:০৪ পিএম
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) পদ থেকে প্রত্যাহার করা মো. সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও দলটির গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
রোববার (২১ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
ফেসবুক পোস্টে আবু হানিফ বলেন, সম্প্রতি সিলেটের বিভিন্ন মাজারের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে বক্তব্য দিয়েছিলেন ডিসি সারওয়ার আলম। এর আগে তিনি সিলেট অঞ্চলে অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
আবু হানিফ দাবি করেন, পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করায় অতীতেও বিভিন্ন সময় সারওয়ার আলমকে চাপের মুখে পড়তে হয়েছে। তিনি একজন সৎ ও দেশপ্রেমিক কর্মকর্তা হলেও বারবার অসাধু চক্রের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে মন্তব্য করেন।
তিনি আরও বলেন, প্রশাসনে বদলি বা প্রত্যাহার স্বাভাবিক প্রক্রিয়া হলেও সারওয়ার আলমের ক্ষেত্রে বিষয়টি স্বাভাবিক বলে মনে হচ্ছে না। মাজারের অব্যবস্থাপনা নিয়ে বক্তব্য দেওয়ার মাত্র তিন দিনের মাথায় তাকে প্রত্যাহার করা হয়েছে উল্লেখ করে তিনি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সে প্রশ্ন তোলেন।
পোস্টের শেষাংশে আবু হানিফ সরকারের প্রতি সারওয়ার আলমকে পুনর্বহালের আহ্বান জানিয়ে বলেন, তা না হলে জনগণের মধ্যে সরকারের অবস্থান নিয়ে নানা প্রশ্ন তৈরি হতে পারে এবং সরকার কোনো সিন্ডিকেটের চাপে রয়েছে কি না, সে ধরনের সন্দেহও দেখা দিতে পারে।