ইরান যুদ্ধ ঠেকাতে সিনেটে বিল পাস, ট্রাম্পের বিপক্ষে রিপাবলিকানদের ভোট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ১২:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামরিক অভিযান থেকে সরে আসতে চাপ দিতে যুক্তরাষ্ট্রের সিনেটে একটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। এ ঘটনায় ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির কয়েকজন সিনেটরও তার অবস্থানের বিপক্ষে ভোট দিয়েছেন।

মঙ্গলবার সিনেটে বিলটি ৫০-৪৭ ভোটে অনুমোদন পায়। বিলটির মাধ্যমে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক কার্যক্রম চালানোর ক্ষমতা সীমিত করার চেষ্টা করা হয়েছে। তবে এটি এখনো আইনে পরিণত হয়নি। এজন্য আরও কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে।

বিল পাসের ক্ষেত্রে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল লুইজিয়ানা অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর বিল ক্যাসিডির অবস্থান পরিবর্তন। সম্প্রতি প্রাইমারি নির্বাচনে পরাজয়ের পর প্রথমবারের মতো তিনি ডেমোক্র্যাটদের সমর্থিত প্রস্তাবের পক্ষে ভোট দেন।

এর আগে ফেব্রুয়ারির শেষ দিকে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেওয়ার পর থেকেই ডেমোক্র্যাটরা ধারাবাহিকভাবে ‘ওয়ার পাওয়ারস রেজুলেশন’ উত্থাপন করে আসছিলেন। তাদের দাবি, কংগ্রেসের অনুমতি ছাড়া প্রেসিডেন্ট যুদ্ধ চালিয়ে যেতে পারেন না এবং প্রয়োজন হলে সেনা প্রত্যাহার করতে হবে।

এতদিন রিপাবলিকানরা এসব উদ্যোগ আটকে দিলেও এবার কয়েকজন সিনেটর ভিন্ন অবস্থান নেন। রিপাবলিকান সিনেটর র‌্যান্ড পল, সুসান কলিন্স ও লিসা মারকাওস্কিও বিলটির পক্ষে ভোট দেন। অন্যদিকে পেনসিলভানিয়ার ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান একমাত্র ডেমোক্র্যাট হিসেবে বিলটির বিপক্ষে অবস্থান নেন।

সিনেটে ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, রিপাবলিকানদের ভেতরে এখন বিভাজন তৈরি হয়েছে এবং প্রেসিডেন্টকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু হয়েছে।

এদিকে বিল ক্যাসিডি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে প্রশাসনের উদ্যোগকে তিনি সমর্থন করেন। তবে ‘অপারেশন এপিক ফিউরি’ নিয়ে হোয়াইট হাউস ও পেন্টাগন কংগ্রেসকে পর্যাপ্ত তথ্য দেয়নি বলেও অভিযোগ করেন তিনি।

তার ভাষায়, প্রশাসনের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত নতুন অনুমোদন বা সময় বাড়ানোর যৌক্তিকতা নেই।

জানা গেছে, প্রতিনিধি পরিষদেও বুধবার একই ধরনের আরেকটি বিল ভোটে তোলা হতে পারে। এর আগে গত সপ্তাহে অনুরূপ একটি প্রস্তাব অল্প ব্যবধানে পাস হতে ব্যর্থ হয়েছিল।

হোয়াইট হাউসের দাবি, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর থাকায় বর্তমানে আনুষ্ঠানিকভাবে কোনো শত্রুতা চলছে না। ফলে ১৯৭৩ সালের ‘ওয়ার পাওয়ারস রেজুলেশন’ এ ক্ষেত্রে প্রযোজ্য নয়।

তবে কংগ্রেসের অনেক সদস্য মনে করছেন, সংঘাত দীর্ঘায়িত হওয়ায় জ্বালানির দাম বাড়ছে এবং প্রশাসনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

দক্ষিণ ডাকোটার রিপাবলিকান সিনেটর মাইক রাউন্ডস বলেন, অনেক রিপাবলিকান এখন প্রশাসনের দীর্ঘমেয়াদি কৌশল জানতে আগ্রহী। তার মতে, বিষয়টি নিয়ে এখন খোলামেলা বিতর্কের সময় এসেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970