ছাত্রীর বাড়িতে শিক্ষিকার বস্তাবন্দি মরদেহ, তদন্তে উঠে এলো রোমহর্ষক তথ্য

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ১২:৪৬ পিএম

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে প্রাইভেট পড়াতে গিয়ে নিখোঁজ হওয়া মরিয়ম বেগম (৫৫) নামে এক গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা-মাসহ তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি চৌকাপাড়ার অধিরল্যাংড়ার মোড় এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, স্বর্ণের কানের দুল লুট করতেই মরিয়ম বেগমকে হত্যা করা হয়েছে। নিহত মরিয়ম বেগম পৌর এলাকার উজ্জ্বলপাড়ার বাসিন্দা ও মোসাদ্দেক হোসেনের স্ত্রী।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিক্ষার্থীর বাবা মো. রুবেল, তার স্ত্রী সুমি খাতুন এবং দীপক নামে এক স্বর্ণকারকে আটক করেছে পুলিশ।

নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, সোমবার (১৮ মে) সকালে মরিয়ম বেগম রুবেল ও সুমি দম্পতির দুই সন্তানকে প্রাইভেট পড়াতে তাদের বাড়িতে যান। তবে দিন পেরিয়ে রাত হলেও তিনি আর বাড়ি ফেরেননি।

নিহতের ছেলে মারুফ হোসেন বনি জানান, রাতে মাকে খুঁজতে তিনি রুবেলের বাড়িতে যান। তখন রুবেল ও সুমি দাবি করেন, প্রাইভেট পড়ানো শেষে মরিয়ম বেগম চলে গেছেন।

পরে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

মঙ্গলবার সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশ জানিয়েছে, প্রধান অভিযুক্ত রুবেল নিজেই সন্দেহ এড়াতে ৯৯৯-এ ফোন করেছিলেন।

তবে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ রুবেল ও সুমির বাড়ি থেকেই মরিয়ম বেগমের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, মরদেহের মাথা ও ঠোঁটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া কানের দুল পরার অংশ ছেঁড়া ছিল, যা থেকে ধারণা করা হচ্ছে জোর করে দুল খুলে নেওয়া হয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ, স্বর্ণালঙ্কার লুটের উদ্দেশ্যেই মরিয়ম বেগমকে হত্যা করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, সুমি খাতুন মরিয়মের কাছ থেকে নেওয়া স্বর্ণের দুটি দুল এক স্বর্ণকারের কাছে বিক্রি করেছিলেন।

পরে পুলিশ দীপক নামে ওই স্বর্ণকারের কাছ থেকে দুল দুটি উদ্ধার করে এবং তাকেও আটক করে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একইসঙ্গে ঘটনার বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970