চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে যুবকের লাশ উদ্ধার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১০:১৪ পিএম
চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে নরেন ধর (৩৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নগর পুলিশের উত্তর জোনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তিনি বলেন, বিদেশি মিশনের অভ্যন্তরের ঘটনা হওয়ায় নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সব প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। পাশাপাশি মিশনের পক্ষ থেকে বিষয়টি গোপন রাখার অনুরোধ জানানো হয়েছে বলেও জানান তিনি।
পুলিশের প্রাথমিক ধারণা, নরেন ধর ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ে কর্মরত ছিলেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে কোনো আঘাতের চিহ্ন, সংঘর্ষ বা সন্দেহজনক আলামত পাওয়া গেছে কি না, সে বিষয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এদিকে নরেন ধরের ব্যক্তিগত পরিচয় ও পেশাগত তথ্য সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ। বিষয়টি জানতে ভারতীয় সহকারী হাইকমিশনের অফিস নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। কার্যালয়ের কর্মকর্তারাও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সকালে হঠাৎ মিশনের সামনে পুলিশের উপস্থিতি দেখে তাদের সন্দেহ হয়। পরে একটি অ্যাম্বুলেন্সে করে মরদেহটি নিয়ে যেতে দেখা যায়।