জামায়াতে যোগদানের একদিন পর মুক্তিযোদ্ধা কমান্ডার বহিষ্কার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৯:২৭ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের একদিন পরই চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (১৮ মে) জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতা যুদ্ধবিরোধী রাজনৈতিক দল হিসেবে পরিচিত বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী জসিম উদ্দিনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মো. নঈম জাহাঙ্গীরের টেলিফোন নির্দেশনা এবং চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা শহিদুল আলম রবের অনুমতিক্রমে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ।

সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যরা সর্বসম্মতিক্রমে মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক পদ থেকে ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন। একইসঙ্গে বিষয়টি জানিয়ে কেন্দ্রীয় কাউন্সিলে চিঠি পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে শনিবার (১৬ মে) রাতে মতলব কমিউনিটি সেন্টারে আয়োজিত যুব ও সুধী সমাবেশে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন। এ সময় তিনি দলের সহযোগী সদস্য ফরম পূরণ করেন এবং দলের আদর্শ ও কর্মসূচির প্রতি সমর্থন জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি ও চাঁদপুর-২ আসনের দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীরমুক্তিযোদ্ধা ডা. আবদুল মুবিন। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।

যোগদান শেষে জসিম উদ্দিন বলেন, “আল্লাহর আইন ও কুরআন-সুন্নাহর ভিত্তিতে দেশ পরিচালিত হোক—এই প্রত্যাশা থেকেই আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।”

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970