হাম পরিস্থিতি ভয়াবহ, ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১০:৩৯ পিএম
দেশে আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ২ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও ৯ শিশু। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩৭ জন।
মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত দুই মাসে দেশজুড়ে হাম ও এর উপসর্গে মোট ৪৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৭৭ শিশু। আর উপসর্গ নিয়ে মারা গেছে ৩৯৮ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত না হলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে। এ অবস্থায় অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি শিশুদের সময়মতো টিকা দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।